মিজানুর রহমান আরিয়ান বছরজুড়েই ব্যস্ত থাকেন নাটক নির্মাণে। ওয়েব ফিল্ম নির্মাণ করেও দর্শকের মন জয় করেছেন এ নির্মাতা। সম্প্রতি মুক্তি পেয়েছে মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় নাটক ‘হৃদয়ে হৃদয়’। সিএমভি আয়োজিত ‘ক্লোজআপ রোমান্টিক ড্রামা ফেস্টিভ্যাল’-এর প্রথম নাটক এটি। নাটকটিতে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান ও নাজনীন নাহার নিহা। প্রচারের পর থেকেই দর্শকের প্রশংসা পাচ্ছে নাটকটি। 

রোমান্টিক ধারার নাটক নির্মাণে সুনাম আছে মিজানুর রহমান আরিয়ানের। এবারের নাটকটির গল্পও সে রকম বললেন নির্মাতা। নাটকটি নিয়ে জানতে চাইলে মিজানুর রহমান আরিয়ান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে পড়েছেন অথচ প্রেমে পড়েননি, এমন ঘটনা আছে বলে জানা নেই। আমার এবারের গল্পটি সে বিশ্ববিদ্যালয় জীবনের একটি গভীর প্রেম নিয়ে। যে গল্পটি দেখলে বিশ্ববিদ্যালয়ের দিনগুলোয় ফিরে যাবে বেশির ভাগ মানুষ। এটা আমার বিশ্বাস। নাটকটি দেখার পর অনেকেই সে কথা বলছেন। দর্শকের কাছ থেকে ইতিবাচক কথা শুনছি নাটকটা নিয়ে।’

‘বড় ছেলে’, ‘বুকের বাঁ পাশে’ ও ‘নেটওয়ার্কের বাইরে’-এর মতো জনপ্রিয় কনটেন্ট নির্মাণ করেছেন আরিয়ান, যার বেশির ভাগই পেয়েছে জনপ্রিয়তা। ভালোবাসা ও আবেগ পর্দায় তুলে ধরতে দক্ষ এ নির্মাতা সদ্য মুক্তিপ্রাপ্ত নাটক নিয়ে জানান, দর্শকের ভালোবাসা পাচ্ছে কাজটা। নাটকটি প্রকাশের পর থেকেই দর্শক তাদের ভালো লাগার কথা শেয়ার করছে বলে জানান এ নির্মাতা। অন্যদিকে ফারহান আহমেদ জোভানকেও বেশির ভাগ সময় দেখা যায় ভালোবাসার গল্পের নাটকে। সে ধারাবাহিকতায় নাটকটিও ব্যতিক্রম নয়। হৃদয়ে হৃদয় নাটক প্রসঙ্গে জোভান বললেন, ‘আমি রোমান্টিক জনরায় কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। মনে হয় এ ঘরানার কাজে আমি বেশি সফল। আমার যত কাজ দর্শকপ্রিয়তা পেয়েছে, অধিকাংশই রোমান্টিক। তার পরও ফাঁকে ফাঁকে ব্যতিক্রম গল্পে কাজ করেছি এবং করছি। তবে এবারের ভালো লাগার বিষয় হচ্ছে আমার অভিনীত নাটক দিয়েই রোমান্টিক উৎসবের শুরু। উদ্যোগটি দারুণ মনে হয়েছে। নাটকটি নিয়ে দর্শকমহলে ভালো সাড়া পাচ্ছি। ভালো লাগছে সব মিলিয়ে।’

নাজনীন নাহার নিহা জানান, গল্প ভালো লাগার কারণেই কাজটার সঙ্গে যুক্ত হয়েছিলেন তিনি। আর এখন সবার কাছ থেকে পজেটিভ রেসপন্স পাচ্ছেন। সামনে আরো ভালো গল্পে অভিনয় করতে চান বলে জানান এ অভিনেত্রী।

প্রতি বছর ভালোবাসা দিবস কেন্দ্র করে ভালোবাসার গল্প নিয়ে হাজির হন নির্মাতারা। এবারো সে আয়োজন করা হয়েছে, তবে এবার ভালোবাসা দিবসের আগেই। বছরের শেষে এল একসঙ্গে তিনটি ভালোবাসার গল্প নিয়ে নাটক। প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ‘ক্লোজআপ রোমান্টিক ড্রামা ফেস্টিভ্যাল’। ক্লোজআপ নিবেদিত প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির ব্যানারে আয়োজন হচ্ছে এ উৎসব। এ আয়োজনের প্রথম নাটক হিসেবে জোভান-নিহার হৃদয়ে হৃদয়ে মুক্তি পেয়েছে।