একটা সময় ছিল যখন শাহরুখ খান, অজয় দেবগণ ও অক্ষয় কুমারের মতো বলিউডের বড় বড় তারকা অভিনেতা দ্বিধাহীনভাবে ক্যান্সারের জন্য দায়ী বিভিন্ন পণ্য যেমন গুটকা, পানমসলার প্রচার করেছেন। জনগণের কাছে তাদের পরিচিতি ছিল অনেক বেশি, ফলে সেগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছেছে সহজেই। কিন্তু কার্তিক আরিয়ানের মতো বলিউডের তরুণ তারকারা নতুনভাবে ভাবছেন। তারা দৃঢ়ভাবে পানমসলার প্রচার চালানোর লোভনীয় প্রস্তাব নাকচ করছেন।

বিজ্ঞাপনসংশ্লিষ্ট এক সূত্র ভারতীয় গণমাধ্যম বলিউড হাঙ্গামাকে নিশ্চিত করেছে, কার্তিক আরিয়ান পানমসলার বিজ্ঞাপন করার জন্য ৮-৯ কোটি রুপির প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। কার্তিক টাকার প্রলোভন এড়িয়ে নৈতিক দায়কে বড় করে দেখেছেন। সংশ্লিষ্টরা বলেছেন, বলিউডে বর্তমান সময়ের তারকাদের মধ্যে যেটার খুব অভাব। এত বড় পরিমাণ টাকার প্রস্তাবে ‘না’ বলা সহজ নয়। কিন্তু একজন তরুণ আইকন হিসেবে নিজের দায়িত্ব বিষয়ে সচেতন কার্তিক।

ভারতীয় সেন্সর বোর্ডের সাবেক চেয়ারপারসন ও প্রোডিউসার পাহলাজ নিহালানি পানমসলার মতো ক্ষতিকর পণ্যের বিজ্ঞাপন না করার জন্য কার্তিক আরিয়ানের সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। তিনি বলেন, পানমসলার কারণে মানুষ মারা যাচ্ছে। বলিউডের রোল মডেলদের কারণে গুটকা বা পানমসলা নিতে উৎসাহী হওয়ায় জাতির স্বাস্থ্য নিশ্চিতভাবেই ধ্বংস হচ্ছে।

পাহলাজ নিহালানি জানান, মদ ও পানমসলার বিজ্ঞাপন প্রচার করা অবৈধ ও অসাংবিধানিক। আইন অনুযায়ী পানমসলা ও মদের বিজ্ঞাপনকে ছাড়পত্র দেয়া নিষিদ্ধ। তার অর্থ দাঁড়ায়, এত যে বিজ্ঞাপন প্রচার হচ্ছে সে সবই অবৈধ। যেসব অভিনেতা এসব বিজ্ঞাপনে যুক্ত হচ্ছেন তাদেরও জানা উচিত তারা অবৈধ কার্যক্রমে যুক্ত হচ্ছেন।

 

সূত্র: বলিউড হাঙ্গামা