অস্ট্রেলিয়ান অভিনেত্রী কেট ব্ল্যানচেট। অভিনয়ের স্বীকৃতি হিসেবে পেয়েছেন অস্কারও। তিনি বরাবরই রাজনীতি ও সমাজ সচেতন। নানা সময়ে অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন এ অভিনেত্রী। এবার তিনি নতুন ধরনের প্রতিবাদ করলেন। কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেট থেকে জানিয়েছেন প্রতিবাদ। নীরবে নিজের কাজের মাধ্যমে যে প্রতিবাদ করা যায়, তা দেখালেন ব্ল্যানচেট। তিনি কানের রেড কার্পেটে উপস্থিত হয়েছিলেন ফিলিস্তিনের পতাকা পরে।
সব অভিনেতা-অভিনেত্রীই কানের রেড কার্পেটে হাঁটেন। ব্ল্যানচেট হাঁটলেন ভিন্নভাবে। এ অভিনেত্রী তার পোশাকের সঙ্গে যুক্ত করেছেন ফিলিস্তিনের পতাকা। সরাসরি পতাকা দিয়ে পোশাক তৈরি করেননি। একটি বিশেষ ব্যবস্থা করেছেন। এর নকশা করেছেন জঁ পল গল্টিয়ার।
ফিলিস্তিনের পতাকায় আছে সবুজ, কালো, সাদা ও লাল এ চার রঙ। কেট একটি গাউন পরে এসেছিলেন। এর সামনের অংশটি কালো। গাউনের পেছনের অংশটির একদিকে ছিল সাদা ও অন্যদিকে সবুজ। কিন্তু লাল ছিল না। যখন তার ছবি তোলা হয়, তিনি বাড়তি অংশটি এমনভাবে তুলে ধরেন যাতে রেড কার্পেটের লালের সঙ্গে মিলে তা ফিলিস্তিনের পতাকারই প্রতিনিধিত্ব করে।
কেট ব্ল্যানচেট কানে এসেছিলেন তার সিনেমা প্রদর্শনীতে। সেই সঙ্গে তিনি একটি বক্তব্যও দিয়ে ফেললেন কোনো কথা না বলে। কেট সব সময়ই প্রতিবাদী। তিনি একজন মানবাধিকার কর্মী। কেবল নারী অধিকার নয়, যুদ্ধের বিরুদ্ধে সোচ্চার ওডিনের কন্যা হেলা (থর সিনেমার চরিত্র হিসেবে)। ফিলিস্তিন প্রসঙ্গে তিনি বরাবরই সরব ছিলেন। গত বছরের শেষ দিকে গাজায় ইসরায়েলের সংঘাতের বিরুদ্ধেও তিনি প্রতিবাদ করেছেন। যুদ্ধ থামাতে অপরাপর সচেতন হলিউড তারকাদের সঙ্গে তিনিও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কাছে চিঠি লিখেছিলেন।
সূত্র: দ্য ন্যাশনাল










