মারা গেছেন জনপ্রিয় গোয়েন্দা চরিত্র একেনবাবুর স্রষ্টা সুজন দাশগুপ্ত। আমেরিকাবাসী হলেও তিনি কিছুদিন ধরে কলকাতায় নিজ বাড়িতে বাস করছিলেন। প্রায় একা অবস্থায় তিনি মারা গেলেন। আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, লেখকের স্ত্রী এর আগের দিনই শান্তিনিকেতনে গিয়েছিলেন। ফলে বাড়িতে একা ছিলেন সুজন দাশগুপ্ত।
একেনবাবু চরিত্রটি গত কয়েক বছরে দারুণ জনপ্রিয় হয়েছিল। বাংলা সাহিত্যে নতুন ধারার একজন গোয়েন্দা তৈরি করেছিলেন সুজন দাশগুপ্ত। জটায়ুর সঙ্গে কিছুটা সাদৃশ্য রয়েছে চরিত্রটির তবে একেন নিজ গুণে বিশেষ হয়ে উঠেছে। আর এ সাফল্যের পেছনে হইচইয়ের অবদান রয়েছে। সুজন দাশগুপ্তের গল্প থেকে ওটিটি প্লাটফর্মে এ পর্যন্ত ছয়টি সিরিজ নির্মিত হয়েছে। প্রতিটি সিরিজই জনপ্রিয় হয়েছে। অনির্বাণ চক্রবর্তী অভিনয় করেছেন একেন চরিত্রে। সুজন দাশগুপ্তের মৃত্যুর খবরে বিস্মিত হয়েছেন অনির্বাণ। আনন্দবাজারকে তিনি বলেন, ‘সবকিছু গুলিয়ে যাচ্ছে। কিছু ভাবতে পারছি না এখন।’
ছবি ও সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস










