মুক্তির পর থেকেই বিতর্কের কেন্দ্রে
রয়েছে সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘অ্যানিমেল’। উগ্র পৌরুষের প্রদর্শন, নারী বিদ্বেষ
ও অহেতুক সহিংসতাকে উদযাপনের অভিযোগ থাকা সিনেমাটি দুই সপ্তাহে স্থানীয় বক্স অফিসে
৫০০ কোটি রুপির কাছাকাছি পৌঁছে গেছে। বিশ্ববাজারে আয় ২৫০ কোটি রুপিরও বেশি। খবর হিন্দুস্তান
টাইমস।
প্রাথমিক তথ্য বলছে, রণবীর কাপুর
ও রাশমিকা মান্দানা অভিনীত ‘অ্যানিমেল’ বৃহস্পতিবার স্থানীয় বাজারে আয় করে পাঁচ
কোটি ৮০ লাখ রুপি। এর সুবাদে ১৪ দিনে মোট আয় দাঁড়িয়েছে ৪৭৩ কোটি ৮৯ লাখ রুপি।
মাত্র ১০ দিনেই ভারতে ৪০০ কোটি রুপির
গণ্ডি পার করে ফেলে ‘অ্যানিমেল’। এরপর থেকে একটু একটু করে কমেছে ছবির আয়। সে হিসেবে
চলতি বছরে চার নম্বর সিনেমা হিসেবে পাঠান, গাদার টু, জওয়ানের পর ৫০০ কোটি ক্লাবে নাম
লেখাতে চলেছে ছবিটি। অবশ্য এর জন্য পরবর্তী রোববার পর্যন্ত অপেক্ষা করতে হবে। কিন্তু
বৈশ্বিকভাবে এ অঙ্ক দ্বিগুণ করা প্রায় অসম্ভব।
রণবীরের ক্যারিয়ারের সবচেয়ে বড় হিট
‘অ্যানিমেল’। এর আগে ‘সঞ্জু’ সব মিলিয়ে আয় করে ৫৯০ কোটি রুপি। তবে আন্তর্জাতিক বাজার
মিলিয়ে নতুন ছবিটি প্রায় ৮০০ কোটি রুপির মতো আয় করেছে। এছাড়া ‘গাদার টু’র রেকর্ড ভেঙে
দেশীয় বক্স অফিসের সবচেয়ে হিট হিন্দি ছবির তালিকায় তিন নম্বরে উঠে এসেছে ‘অ্যানিমেল’।
বাবা-ছেলের জটিল সম্পর্কের আবর্তে তৈরি
এই ছবিতে রণবীরের বাবার চরিত্রে অভিনয় করেছেন অনিল কাপুর। এই ছবির হাত ধরেই বলিউডে
পা রাখেন রাশমিকা। কিন্তু ১০ মিনিটের উষ্ণ উপস্থিতিতেই তাকে ছাড়িয়ে গেছেন তৃপ্তি দিমরি।
অন্যদিকে ১৫ মিনিটের ক্যামিওতে ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্যটি পেলেন ববি দেওল।
বিশ্লেষকরা বলছেন, দেশে ৫০০ কোটি ছুঁতেও
বিশ্বজুড়ে ১০০০ কোটির ব্যবসা করার স্বপ্ন অধরাই থাকতে পারে রণবীর। ভারতে মাত্র কয়েকটি
সিনেমা হাজার কোটির এ মাইলফলক অতিক্রম করেছে, যার দুটিই মুক্তি পেয়েছে চলতি বছরে। দুটি
ছবিই শাহরুখের। এর মধ্যে ‘জওয়ান’ ব্যবসা করেছে এক হাজার ১৬০ কোটি রুপি ও ‘পাঠান’ করেছে
এক হাজার ৫৫ কোটি রুপি।
‘অ্যানিমেল’-এর হাজারের নিচে থেমে যাওয়ার বেশ কিছু কারণ রয়েছে। যার প্রথম কারণ হলো, দর্শক উচ্ছ্বাস কমার সঙ্গে সঙ্গে বক্স অফিস অঙ্কও কমতে শুরু করেছে। দ্বিতীয়ত ২১ ডিসেম্বর মুক্তি পাবে শাহরুখ খানের ‘ডানকি’। এর পরদিনই আসবে প্রভাস অভিনীত ‘সালার’। সঙ্গে আছে হলিউডের ‘অ্যাকুয়াম্যান’ সিক্যুয়াল। এখন মাত্র ছয় দিনে ২২০ কোটি রুপি আয় সম্ভব নয় বলে জানাচ্ছেন বিশ্লেষকরা।










