সুনেরাহ বিনতে কামাল এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল। ‘ন ডরাই’ সিনেমার মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক এ অভিনেত্রীর। প্রথম সিনেমায় অভিনয়ের জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অভিনয় আর ব্যক্তিজীবন নিয়ে বণিক বার্তার সঙ্গে কথা বলেছেন সুনেরাহ। সাক্ষাত্কার নিয়েছেন সাবিহা জামান শশী
একাধিক আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে নুহাশ হুমায়ূনের ‘মশারি’। এ শর্ট ফিল্মটি নিয়ে বলুন।
আসলে মশারি কাজটা ভালো হচ্ছে, এটা আমরা জানতাম। এটা নিয়ে আমাদের যে এক্সপেকটেশন ছিল তার চেয়েও অনেক বেশি সাড়া পাচ্ছি আমরা। বিশেষ করে আন্তর্জাতিক মহলে এটা এভাবে সাড়া ফেলবে তা আমরা ভাবিনি। বিশ্বের এতগুলো ফেস্টিভ্যালে মশারি প্রদর্শিত হয়েছে এবং মানুষ এটা ভালো বলছে। এ মাসেই মশারি তিনটি বড় আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে। এটা একটা শর্ট ফিল্ম। খুব ক্যাজুয়ালি আমরা মশারির শুটিং করেছি। অনেক বেশি চিন্তাও করিনি এ কাজটা করার সময়। আলহামদুলিল্লাহ মশারি নিয়ে আমরা অনেক ভালো রেসপন্স পাচ্ছি। এটা নিয়ে খুবই ভালো লাগে। সত্যি বলতে এ রকম স্ক্রিপ্ট পাইও না খুব একটা। পরিচালকের সঙ্গে একজন আর্টিস্টের বোঝাপড়াটা খুব জরুরি। এটা নুহাশের সঙ্গে আমার খুব ভালো হয়, তাই স্বাচ্ছন্দ্যে কাজ করেছি।
সামনে কি নুহাশ হুমায়ূনের নতুন প্রজেক্টে আপনাকে দেখা যাবে?
নুহাশের সঙ্গে কাজ করতে খুবই ভালো লাগে আর আমার মনে হয় নুহাশেরও একই ভাবনা। আগেই বলেছি, আমাদের বোঝাপড়াটা ভালো, তাই কাজ করাটা অনেক সহজ হয়ে যায় দুজনের পক্ষ থেকেই। ইনশাআল্লাহ সামনে আমাদের একসঙ্গে কাজ করা হতেও পারে, সে সম্ভাবনাই বেশি। তবে এখন তো নুহাশ ইন্টারন্যাশনাল প্লাটফর্মের সঙ্গে যুক্ত হয়েছে। তাই আন্তর্জাতিক কাজই বেশি করবে।
‘শুক্লপক্ষ’
ওয়েব ফিল্ম থেকে কেমন সাড়া পাচ্ছেন?
সবাই তো এখনো ভালোই বলছে। বেশ ভালো সাড়া পাচ্ছি। অনেকেই শুক্লপক্ষ নিয়ে রিভিউ দিচ্ছে। তবে বেশির ভাগই স্পয়লার দিচ্ছে তাই শেয়ার করতে পারিনি। সবাই শেষের চমকটা নিয়েই বেশি বলছে।
ব্যক্তিগতভাবে গল্পটা আপনার কাছে কেমন লেগেছে?
সত্যি বলতে আমি তো অনেক বেশি বেছে কাজ করি। গল্পটা আমার খুব ভালো লেগেছে। তার পরই কাজটা করা। এটার সাসপেন্সের জন্য এর প্রতি আমার ভালো লাগা।
ওটিটি প্লাটফর্মে পরপর দুটো কাজ এল। এখন কি দর্শক আপনাকে পর্দায় নিয়মিত দেখতে পাবে?
সত্যি বলতে এটা পুরোটাই নির্ভর করে আমার কাছে কী ধরনের গল্প আসে তার ওপর। ভালো গল্প এলে আমি অবশ্যই নিয়মিত কাজ করব। তাই এখন এটা নিয়ে কিছু বলতে পারছি না। যদি আমার কাছে ভালো গল্প আসে, তাহলে দর্শক আমাকে দেখতে পাবে আশা রাখি।
কোন মাধ্যমে কাজ করতে বেশি ভালোবাসেন?
অবশ্যই ফিচার ফিল্ম করতে ভালো লাগে। কারণ এটায় সময় নিয়ে, পুরো প্রস্তুতি নিয়ে কাজ করা যায়। আর যদি ওটিটিতে বাজেট ভালো থাকে, সময় নিয়ে কাজ করা যায় তাহলে এখানেও কাজ করতে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি। বড় পর্দায় কাজ করার নেশাটা আমার একটু বেশি। ফিল্মের প্রতি আলাদা ভালো লাগা আছে।
দর্শক সামনে আপনাকে কোন কাজে দেখতে পাবে?
ইনশাআল্লাহ খুব শিগগির। মানুষ তো পর্দায় একজন তারকাকে দেখতে পায়। এজন্য একজন অভিনেতা-অভিনেত্রীকে পর্দার বাইরেও অনেক প্রস্তুতি নিতে হয়। বলা যেতে পারে হয়তো এখন আমি প্রস্তুত করছি। আশা করি সামনে কোনো ভালো উপহার নিয়ে আসতে পারব।
ভিন্ন ধারার চরিত্রে আপনাকে দেখা যায়। চরিত্র নির্বাচন করাটা কতটা চ্যালেঞ্জিং?
আমি যে পরিচালকদের সঙ্গে কাজ করেছি তারা বলতে পারবেন আমি চ্যালেঞ্জিং কাজগুলো সহজে করতে পারি। একটু সহজ যে চরিত্রগুলো, সেগুলো আমাকে খুব একটা টানে না। আমি মনে করি চ্যালেঞ্জিং কাজটাই আসলে আমার জন্য।
এ পর্যন্ত করা আপনার সবচেয়ে চ্যালেঞ্জিং চরিত্র কোনটি?
আমি অবশ্যই বলব ‘ন ডরাই’-এ আয়েশা চরিত্রটা আমার কাছে সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল। কারণ এখানে আমি যে মানুষটা ছিলাম তাকে নতুন করে গড়তে হয়েছে। নিজেকে ভেঙে আমাকে এখানে কাজ করতে হয়েছে। আমি বলব যে ‘ন ডরাই’
করতে আমি সবচেয়ে মজা পেয়েছি। এরপর বলব ‘মশারি’।
এত ভালো এক্সপ্রেশন কীভাবে দেন?
আমি মনে করি, চরিত্রের জন্য এক্সপ্রেশন দেয়াটা ভেতর থেকে আসে। ভেতর থেকে যেটা অনুভব করা যাবে সেটাই প্রকাশ করা যায়। তাই আমি কাজ করার সময় যেটা করতে হয়, সেটা ভালো করে বুঝে ওভাবেই করি।
বাংলাদেশ টেলিভিশনের একজন তালিকাভুক্ত নৃত্যশিল্পী আপনি। নাচে নিয়মিত আপনাকে দেখা যাচ্ছে না কেন?
ছিলাম। তবে এখন তো আর প্র্যাকটিস হয় না। ভাবছি আবার নিয়মিত প্র্যাকটিস শুরু করব।










