আগামী ঈদ উপলক্ষে সংগীতশিল্পী দিলশাদ নাহার কণা একটি নতুন গানে কণ্ঠ দিয়েছেন। ‘চাঁদ উঠেছে’ শিরোনামের গানটি লিখেছেন জামাল হোসেন। সুর করেছেন আহমেদ হুমায়ূন।

কণা বলেন, ‘চাঁদ উঠেছে মিষ্টি একটি গান। আমার রেশমি চুড়ি গানটির মতো এ গানটিও আনন্দের গান। শ্রোতারা গানটির সঙ্গে নিজেদের আবেগ-অনুভূতির সঙ্গে জড়িয়ে নিতে পারবে। গানটির সুর সংগীত চমত্কার হয়েছে। আমার কাছে গানটি ভীষণ ভালো লেগেছে। আশা করছি দর্শক-শ্রোতাদেরও ভালো লাগবে। জামাল ভাইকে ধন্যবাদ এত চমত্কার একটি গীতিকবিতায় আমাকে সম্পৃক্ত রাখার জন্য।’

‘চাঁদ উঠেছে’ গানের কথা হলো ‘চাঁদ উঠেছে ফুটেছে তারা, হেসেছে জ্যোত্স্না কী যে বাঁধন হারা।’ গানের রচয়িতা জামাল হোসেন বলেন, ‘কেন যেন মনে হলো এই গীতিকবিতা কণার কণ্ঠেই বেশি মানাবে। তাই তাকে দিয়েই গানটি করানো হয়েছে। আশা করছি গানটি প্রকাশের পর শ্রোতা-দর্শকের মন ছুঁয়ে যাবে।’ ঈদে রঙ্গন মিউজিকের ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশ পাবে।

কণা এরই মধ্যে দেশের পুলিশদের নিয়ে একটি গান গেয়েছেন। বেশ কিছু টাইটেল সং করেছেন। করোনা মহামারীর শুরু থেকে করোনা নিয়ে কয়েকটি গানে কণ্ঠ দিয়েছেন। সমাজের মানুষকে করোনা বিষয়ে সচেতন করতেই এসব গানে কণ্ঠ দেন তিনি।