গত মাসের শেষ সপ্তাহে মুক্তি পেল মাহমুদ দিদার পরিচালিত ও জয়া আহসান অভিনীত সিনেমা বিউটি সার্কাস। মুক্তির প্রথম দিন থেকেই দর্শকের মন জয় করে নিয়েছে সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমাটি।

বিউটি সার্কাসের বর্তমান অবস্থা নিয়ে কথা হয় মাহমুদ দিদারের সঙ্গে। তিনি বলেন, ‘সিনেমাটি দর্শকের কাছে দুর্দান্ত সাড়া পাচ্ছে। সামনে এটি নারায়ণগঞ্জ, সিরাজগঞ্জে যাবে। এছাড়া আরো কয়েকটি প্রেক্ষাগৃহের সঙ্গে কথা হচ্ছে।’ দেশের বাইরেও মুক্তি পেতে যাচ্ছে মাহমুদ দিদার পরিচালিত সিনেমা বিউটি সার্কাস। নির্মাতা জানিয়েছেন, আজ অস্ট্রেলিয়ায় মুক্তি পাচ্ছে এটি। দেশটির সিডনি, মেলবোর্ন, অ্যাডিলেড, পার্থ, ব্রিসবেন ও ক্যানবেরার কয়েকটি প্রেক্ষাগৃহে বিউটি সার্কাসের কিছু শো চলবে বলে জানিয়েছেন নির্মাতা। এ নিয়ে মাহমুদ দিদার বলেন, ‘দেশের বাইরে সিনেমাটি মুক্তি নিয়ে আমরা কাজ করেছি। যুক্তরাষ্ট্রেও এটি মুক্তি পেতে যাচ্ছে। এরই মধ্যে আমরা সাবটাইটেলের কাজ শেষ করেছি। আজ অস্ট্রেলিয়ায় মুক্তি পাচ্ছে বিউটি সার্কাস।’

অন্যদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি উপভোগ করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। ছবিটি দেখার পর সাংবাদিকদের তিনি বলেন, ‘বিউটি সার্কাস রুদ্ধশ্বাসে দেখে ফেলার মতো সিনেমা। এ সিনেমার বিউটি নারীশক্তি ও সাহসের প্রতীক এবং একই সঙ্গে মুক্তিযুদ্ধের চেতনারও প্রতীক। সাম্প্রদায়িকতার সবচেয়ে বড় শিকার নারী এবং বিউটি সার্কাসে প্রতিবাদী চরিত্রটিও নারী। এই ছবি সাম্প্রদায়িকতার বিরুদ্ধে একটি উল্লেখযোগ্য প্রতিবাদ।’ এ সময় চলচ্চিত্রটির পরিচালক মাহমুদ দিদার, চিত্রনায়ক ফেরদৌস, চলচ্চিত্র পরিচালক সোহানুর রহমান সোহানসহ চলচ্চিত্রের কলাকুশলীরা উপস্থিত ছিলেন।

সার্কাস নিয়ে সিনেমা নির্মাণ করার গল্প প্রসঙ্গে বণিক বার্তাকে দেয়া এক সাক্ষাত্কারে মাহমুদ দিদার বলেন, ‘সার্কাসের খিলাড়িরা ঝুঁকি নিয়ে বিনোদন দেন। এটি সিনেমার থেকেও অনেক বড় কিছু। খিলাড়িদের জীবন অনেক বেশি চ্যালেঞ্জের মধ্য দিয়ে যায়। আর তাদের কাজের এ চ্যালেঞ্জ মানুষের বিনোদনের আকাঙ্ক্ষাকে প্রলুব্ধ করে। এটা তুলে ধরতেই এ গল্প। এছাড়া অনুদানপ্রাপ্তির একটা বিষয় ছিল। আমাদের দেশের লোকজ সংস্কৃতি তুলে ধরতেও গল্পটি নিয়ে কাজ করেছি।’

সরকারি অনুদানপ্রাপ্ত বিউটি সার্কাসের সহপ্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম। বসুন্ধরা গুঁড়া মসলা নিবেদিত সিনেমাটি গত ২৩ সেপ্টেম্বর বড় পর্দায় মুক্তি পায়। দেশের ইতিহাস ও আবহমান সংস্কৃতির একটি অংশ জুড়ে আছে সার্কাস শিল্প। মাহমুদ দিদার পরিচালিত বিউটি সার্কাস সিনেমায় সেটিই উঠে এসেছে। নিজের সার্কাস দল নিয়ে সংগ্রামী এক নারীর গল্প নিয়েই এ সিনেমা। যে নারীর নাম বিউটি আর এ চরিত্রেই অভিনয় করেছেন জয়া আহসান। এতে আরো অভিনয় করেছেন ফেরদৌস আহমেদ, তৌকীর আহমেদ, এবিএম সুমন, শতাব্দী ওয়াদুদ, মনিষা অর্চি প্রমুখ।