পরিচালক হিসেবে ফারহান আখতারের অভিষেক হয়েছিল ২০ বছর আগে দিল চাহতা হ্যায় ছবির মাধ্যমে। গতকাল এ রোড ট্রিপ ছবিটির ২০ বছর পূর্তি হয়ে গেল। আর এমন দিনে চমকে দিলেন ফারহান আখতার। রিমেক না হলেও রোড ট্রিপ নিয়েই নতুন ছবির ঘোষণা দিয়েছেন তিনি। ছবির নাম জি লে জারা। ছবিতে দিল চাহতা হ্যায়ের মতোই থাকছে তিনটি প্রধান চরিত্র, তবে এবার তারা কেউই আর অভিনেতা নন, বরং অভিনেত্রী। জি লে জারা ছবিতে ফারহান যুক্ত করছেন বলিউডের এ সময়ের অন্যতম তিনি অভিনেত্রীকে—প্রিয়াংকা চোপড়া, ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাট।
দিল চাহতা হ্যায়ের ২০ বছর পূর্তি উপলক্ষে একটি ভিডিওসহ নতুন ছবির ঘোষণা দেন ফারহান আখতার। তিনি লেখেন পরিচালক হিসেবে নতুন ছবির ঘোষণা দিতে পেরে রোমাঞ্চ অনুভব করছেন। এরপর জানান, তার নতুন ছবি জি লে জারায় দেখা যাবে প্রিয়াংকা, ক্যাটরিনা আর আলিয়া ভাটকে। ছবির শুটিং শুরু হবে ২০২২ সালে।
ছবিটি প্রযোজনা করবে ফারহান ও রিতেশ সিধওয়ানির এক্সেল এন্টারটেইনমেন্ট। দিল চাহতা হ্যায় ও জিন্দেগি মিলেগি না দোবারা ছবি দুটোর পরে এবার তারা রোড ট্রিপ জনরার ছবির মুখ্য চরিত্রে নারীদের আনতে চেয়েছেন। আর তাই জি লে জারা।
২০২১ সালে এখনো যেসব ছবির ঘোষণা এসেছে, সেগুলোর মধ্যে নিঃসন্দেহে এটাই সবচেয়ে বড়। জি লে জারা ছবির চিত্রনাট্য লিখেছেন জয়া আখতার, ফারহান আখতার ও রিমা কাগতি। ফারহান ও রিতেশের সঙ্গে প্রযোজক হিসেবে থাকবেন রিমা ও জয়াও। ছবিটি মুক্তি পাবে ২০২৩ সালে। পরিচালক, চিত্রনাট্য রচয়িতা হিসেবে ফারহান, জয়া ও রিমা আগেও একাধিকবার বড় পুরস্কার জিতেছেন। তাই জি লে জারা ছবিটিও যে নতুন কিছু উপহার দেবে তা নিশ্চিতভাবেই বলা যায়।
এদিকে গতকালই প্রিয়াংকা চোপড়া তার ইনস্টাগ্রামে আলিয়া ভাট ও ক্যাটরিনা কাইফের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন। ছবিটি ক্যাটরিনা কাইফের বাড়িতে ২০২০ সালে ফেব্রুয়ারিতে তোলা। সেদিন তারা একত্র হয়েছিলেন একাধিক নারী তারকানির্ভর একটি বলিউড ছবির পরিকল্পনা নিয়ে। তিনজনই একমত হয়েছিলেন এমন ছবির জন্য ফারহান, জয়া ও রিমাই উপযুক্ত মানুষ। তারা যোগাযোগ করেন ফারহানের সঙ্গে এবং খোদ ফারহানই তখন এমন ছবি নিয়ে ভাবছেন। সবাই রাজি, এরপর শিডিউল ঠিক করতেই লেগেছে প্রায় দুই বছর। এরপর গতকাল এল ঘোষণা।
সূত্র: হিন্দুস্তান টাইমস ও বলিউড হাঙ্গামা










