স্টিভেন স্পিলবার্গ জীবনীধর্মী ‘দ্য ফ্যাবলম্যানস’-এর জন্য সেরা পরিচালকের পুরস্কার পেলেও সেরা সিনেমা হয়েছে ‘টপ গান: ম্যাভেরিক’। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল বোর্ড অব রিভিউ (এনবিআর) অ্যাওয়ার্ডসের এবারের আসরে ফলাফল এই। খবর এপি।

গতকাল রোববার নিউইয়র্কে পুরস্কার তুলে দেয়া হয়। সেখানে বিশেষভাবে শ্রদ্ধা জানানো হয় স্পিলবার্গকে।

এবার সবচেয়ে বেশি পুরস্কার গিয়েছে মার্টিন ম্যাকডোনাঘের ‘দ্য ব্যানশিস অব ইনিশারিন’ ছবির ঝুলিতে। সেরা অভিনেতা হয়েছেন এই সিনেমার কলিন ফারেল। পুরস্কার হাতে স্পিলবার্গের ‘ই. টি.’ সিনেমাটি দেখার অভিজ্ঞতা স্মরণ করে তিনি বলেন, তার জীবনের সবচেয়ে উচ্ছ্বাসের মুহূর্ত ছিল সেটি। এমনকি দুই সন্তানের জন্মের চেয়েও বেশি আনন্দ পেয়েছিলেন।

হলিউডে অ্যাওয়ার্ডস সিজনের শুরুতে ন্যাশনাল বোর্ড অব রিভিউ অ্যাওয়ার্ডস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সামনে পরপর অনুষ্ঠিত হবে গোল্ডেন গ্লোব, স্ক্রিন অ্যাক্টর গিল্ড অ্যাওয়ার্ডস ও একাডেমি অ্যাওয়ার্ডস। আর এনবিআরের পুরস্কার জেতা অনেক ছবি ও কলাকুশলীরা থাকেন পরবর্তী আসরগুলোর মধ্যমণি।

অভিনেতাদের অন্য পুরস্কারের মধ্যে রয়েছে- সেরা অভিনেত্রী মিচেল ইয়ে (এভরিথিং এভরিহয়ার অল অ্যাট ওয়ান্স), পার্শ্বচরিত্রে সেরা ব্র্যান্ডন গ্লেসন (দ্য ব্যানশিস অব ইনিশারিন) ও জেনেলি মোনিয়া (গ্লাস ওনিয়ন: আ নাইভস আউট মিস্ট্রি)।