বছরটা যেন জয়াকে ঘিরেই। একের পর এক নতুন কাজ, নতুন চরিত্র আর দর্শকদের জন্য চমক। সেই ধারাবাহিকতায় আলোচনায় এসেছে এ অভিনেত্রীর নতুন সিনেমা ‘ফেরেশতে’।
ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম সমাজের প্রান্তিক এক পরিবারের গল্পকে পর্দায় তুলে ধরেছেন এই সিনেমায়। তিন বছর আগে নির্মাণের পর ঘুরে এসেছে একাধিক আন্তর্জাতিক উৎসব। ফজর চলচ্চিত্র উৎসবে মানবিক বার্তার জন্য জিতেছে জাতীয় পুরস্কার। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২৪-এও উদ্বোধনী সিনেমা হিসেবে জায়গা করে নিয়েছিল ‘ফেরেশতে’।
এত স্বীকৃতি পাওয়ার পরও দেশের দর্শকরা এখনো বড় পর্দায় দেখেননি সিনেমাটি। সেই অপেক্ষার ইতি ঘটতে যাচ্ছে চলতি মাসে। লায়ন সিনেমাস এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে— খুব শিগগিরই প্রেক্ষাগৃহে আসছে ‘ফেরেশতে’। পাশাপাশি স্টার সিনেপ্লেক্সও প্রযোজকদের সঙ্গে মুক্তির দিন নিয়ে আলোচনা করছে।
বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনার এ সিনেমায় জয়া আহসান ছাড়াও আছেন আরো অনেক পরিচিত মুখ—সুমন ফারুক, রিকিতা নন্দিনী শিমু, শহীদুজ্জামান সেলিম, শাহেদ আলী, শাহীন মৃধা ও শিশুশিল্পী সাথী। শুধু অভিনয় নয়, সিনেমার সহ-প্রযোজক হিসেবেও যুক্ত আছেন জয়া।
এবার দেখার পালা, আন্তর্জাতিক সাফল্যের পর দেশীয় দর্শকের হৃদয়েও কতটা দাগ কাটে ‘ফেরেশতে’।









