প্রতি বছরই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয় কেন্দ্রীয় বার্ষিক নাট্যোৎসবের। সে ধারাবাহিকতায় এবারো নাট্যোৎসবের আয়োজন করা হয়েছে। সোমবার শুরু হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৭তম কেন্দ্রীয় বার্ষিক নাট্যোৎসব ২০২৩-এর আসর। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু তরুণ নাট্য শিল্পীদের এ আয়োজন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এবং বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল। এবারের নাট্যোৎসবে বিশেষ সম্মাননা পেয়েছেন নাট্যকার, অভিনেতা, নির্দেশক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মামুনুর রশীদ।
নয় দিনব্যাপী উৎসবটি চলবে ১০ অক্টোবর পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের স্নাতক সমাপনী সেমিস্টারের শিক্ষার্থীদের নির্দেশনায় ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে নয়দিনে ১৫টি নাটক মঞ্চস্থ হবে।
আয়োজকরা জানান, উদ্বোধনী দিনে মঞ্চায়িত হয়েছে ইফতি শাহরিয়ার রাইয়ানের নির্দেশনায় রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী সৃষ্টি ‘ডাকঘর’। উৎসবের দ্বিতীয় দিনে ছিল রিফাত জাহান শাওনের নির্দেশনায় সেলিম আল দীনের নাটক ‘সংবাদ কার্টুন’ এবং রিফাত করবীর নির্দেশনায় আহমদ ছফার নাটক ‘মরণবিলাস’। গতকাল মঞ্চায়িত হয়েছে মুজাহিদুল ইসলাম রিফাতের নির্দেশনায় মনোজ মিত্রের নাটক মহাবিদ্যা ও রিজভী সুলতানার নির্দেশনায় রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক ‘চণ্ডালিকা’। আজ মঞ্চস্থ হবে তাহিয়া তাসনিমের নির্দেশনায় সৈয়দ শামসুল হকের নাটক ‘ঈর্ষা’ এবং মৌমিতা সরকারের রচনা ও নির্দেশনায় নাটক ‘ বৈদেহী’। মিরহাজুল শিবলীর নির্দেশনায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী নাটক ‘কমলাকান্তের জবানবন্দী’ এবং জাদিদ ইমতিয়াজ আহমেদের নির্দেশনায় আবদুল্লাহ আল মামুনের নাটক ‘ কোকিলারা’ মঞ্চায়ন হবে আগামীকাল। ৭ অক্টোবর থাকছে তরিকুল সর্দারের নির্দেশনায় উৎপল দত্তের নাটক ‘মেঘ’ এবং সালমান নূরের নির্দেশনায় নুরুল মোমেনের নাটক ‘নেমেসিস’।
৮ অক্টোবর প্রদর্শন হবে প্রাণ কৃষ্ণ বণিকের নির্দেশনায় শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের নাটক ‘সত্যান্বেষী’ এবং এসএ তানভীরের নির্দেশনায় রবীন্দ্রনাথের ঠাকুরের নাটক ‘স্ত্রীর পত্র’। ৯ অক্টোবর সমাপনী দিনে থাকছে দেবলীনা চন্দ্র দৈবীর নির্দেশনায় বদরুজ্জামান আলমগীরের নাটক ‘অহরকণ্ডল’ ও জয়া কস্তার নির্দেশনায় মুনীর চৌধুরীর নাটক ‘দণ্ডকারণ্য’।










