গত সপ্তাহে পাকিস্তানে নিখোঁজ হওয়া দুই কিশোরীকে তাদের বাড়ি থেকে ৭৫০ মাইলেরও বেশি দূরের শহরে পাওয়া গিয়েছে। স্থানীয় পুলিশ জানায়, কে-পপ সুপার ব্যান্ড বিটিএসের সঙ্গে দেখা করতে দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে বাড়ি ছেড়ে পালিয়েছিল তারা। সিএনএন।

১৩ ও ১৪ বছর বয়সী দুই কিশোরী গত ৭ জানুয়ারি করাচি শহরের কোরাঙ্গি এলাকা থেকে নিখোঁজ হয় বলে জানান স্থানীয় সিনিয়র পুলিশ সুপার আবরাজ আলী আব্বাসী।

তাদের বাড়ি তল্লাশির সময় পুলিশ একটি ডায়েরি খুঁজে পায়। সেখানে সুপারগ্রুপ বিটিএসের সঙ্গে দেখা করতে দক্ষিণ কোরিয়ায় যাওয়ার পরিকল্পনা উল্লেখ ছিল।

আব্বাসী জানান, ডায়েরি ট্রেনের সময়সূচি লেখা ছিল। এই দলে আরেক বন্ধুর যোগ দেখার কথা ছিল। তার সঙ্গেও কথা বলে পুলিশ। এভাবে তাদের অনুসরণ করে জানা যায়, লাহোর পুলিশের কাস্টডিতে রয়েছে। দুই কিশোরী ট্রেন ভ্রমণের সময় আটক হন।

লাহোরে পুলিশের সঙ্গে আলোচনা করে দুই বিটিএস ভক্তকে বাড়িতে ফিরিয়ে নেয়ার ব্যবস্থা করা হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।

আব্বাসী অনুরোধ করেন, সন্তানরা অনলাইন কী দেখছে সে সম্পর্কে যেন অভিভাবকরা সতর্ক থাকেন।

পাকিস্তানসহ সারা বিশ্বে কে-পপের বিশাল ভক্তশ্রেণি রয়েছে। বিটিএসের পাশাপাশি দক্ষিণ এশিয়ার দেশগুলোতে কোরিয়ান সিনেমা ও নাটক খুবই জনপ্রিয়।

এদিকে সাত সদস্যের কোরিয়ান সেনসেশন বিটিএস গত বছরের শেষের দিকে বিরতির কথা জানায়। দলের সবচেয়ে বয়স্ক সদস্য জিন গত মাসে বাধ্যতামূলক সামরিক পরিষেবায় যোগ দিয়েছেন, যা ১৮ মাস স্থায়ী হবে।

এছাড়া অন্য সদস্যরাও শিগগিরই সামরিক বাহিনীতে যোগ দেবেন। তাই ২০২৫ সাল পর্যন্ত দলটির সদস্যদের একসঙ্গে দেখা যাবে না। ততদিন তারা একক পারফর্ম করবেন।