বাংলাদেশের সিনেমার ব্যস্ততম নায়িকা শবনম বুবলী। একের পর এক তিনি সিনেমায় অভিনয় করে যাচ্ছেন। তার অভিনীত সর্বশেষ আলোচিত সিনেমা ছিল চয়নিকা চৌধুরী পরিচালিত ‘প্রহেলিকা’। সিনেমায় তার অভিনয় সবচেয়ে বেশি প্রশংসিত হয়েছে। এবার ঈদুল ফিতরেও বুবলী থাকছেন আলোচনায়। তার অভিনীত দুটি সিনেমা মুক্তি পাবে এ ঈদে। একটি জসীম উদ্দিন জাকিরের ‘মায়া দ্য লাভ’ এবং অন্যটি মিশুক মনি পরিচালিত ‘দেয়ালের দেশ’। এ সিনেমায় বুবলীর বিপরীতে আছেন শরীফুল রাজ। মায়া দ্য লাভে তার বিপরীতে আছেন আনিসুর রহমান মিলন, সাইমন ও রোশান।

দেয়ালের দেশ সিনেমার ‘বেঁচে যাওয়া ভালোবাসা’ গানে নিজের উপস্থিতি দিয়ে এরই মধ্যে দর্শককে মুগ্ধ করেছেন বুবলী। এছাড়া দুদিন আগে প্রকাশিত মায়া দ্য লাভ সিনেমার ‘তুমি ছাড়া চাই না কিছু’ গানেও বুবলীর গ্ল্যামারাস উপস্থিতি দর্শককে মুগ্ধ করেছে। দর্শকের মনে এ দুই সিনেমা নিয়ে এরই মধ্যে ভীষণ প্রত্যাশার সৃষ্টি হয়েছে।

এ নিয়ে বুবলী বলেন, ‘আমি আমার ভক্ত দর্শকের প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ যে আমার দুটি সিনেমার গানই তারা ভীষণভাবে পছন্দ করেছে। আমার বিশ্বাস এ দুই সিনেমাও তাদের ভীষণ ভালো লাগবে। সিনেমা দুটির গল্প দুই রকম। দুজন পরিচালকই যথেষ্ট শ্রম ও মেধা দিয়ে সিনেমা দুটো নির্মাণ করার চেষ্টা করেছেন। এ দুই সিনেমায় আমার দুই ধরনের চরিত্র যথাযথভাবে ফুটিয়ে তোলার জন্য কী পরিমাণ শ্রম দিয়েছি তা ভাষায় প্রকাশের নয়।’

বুবলী অভিনয়কে ভালোবাসেন। তিনি মনে করেন ভালোবাসা ছাড়া অভিনয় হয় না। এ নিয়ে তিনি বলেন, ‘অভিনয়ের প্রতি মনে-প্রাণে প্রেম থাকতে হয়। সে প্রেম আমার আছে বলেই আমার কাছে আসার চরিত্রগুলো নিজের মধ্যে লালন করে আমার শতভাগ চেষ্টা দিয়ে অভিনয় করি। আমার বিশ্বাস দুটো সিনেমাই দর্শকের মন ভরিয়ে দেবে। আর আমার জন্য দোয়া-আশীর্বাদ করবেন যেন আগামীতে আমি আরো ভালো ভালো সিনেমা দর্শককে উপহার দিতে পারি।’