কানাডিয়ান সংগীতশিল্পী আবেল মাকোনেন। তবে তিনি দ্য উইকন্ড নামেই বেশি পরিচিত। নানা সময়ে গান ও অন্যান্য কারণে খবরের শিরোনাম হন তিনি। এবার একটি মানবতাবাদী কাজের জন্য তিনি আলোচনায় এসেছেন। আবেল জানিয়েছেন গাজায় খাদ্য সহায়তার জন্য ২৫ লাখ ডলার সাহায্য দেবেন তিনি।
ফিলিস্তিনের গাজায় এখন চলছে ইসরায়েলি হামলা। এর মধ্যে নানা সময় হলিউড বা বিনোদন অঙ্গনের অনেক তারকা গাজার পক্ষে কথা বলেছেন। অনেকে অর্থ সাহায্যও করেছেন। এবার জরুরি মানবতাবাদী দায়িত্ব পালন করছেন দ্য উইকন্ড। তার দান করা এ অর্থ থেকে ৪০ লাখ ইউনিট খাবার বিতরণ সম্ভব, যা ১ লাখ ৭৩ হাজার ফিলিস্তিনির দুই সপ্তাহের জন্য খাদ্যনিরাপত্তা দেবে।
অক্টোবরে শুরু হওয়া ইসরায়েল-হামাস দ্বন্দ্বের মধ্যে ইউনাইটেড নেশন্স ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম ফিলিস্তিনে খাদ্য সাহায্য করেছে। তারা প্রায় সাড়ে সাত লাখ ফিলিস্তিনিকে তাদের প্রোগ্রামের অধীনে খাওয়ার ব্যবস্থা করতে পেরেছে। এক্ষেত্রে জাতিসংঘের এ কার্যক্রমকে সাহায্য করেছে তাদের স্থানীয় কর্মী ও নানা মানবাধিকার সংগঠন। কানাডার শিল্পী দ্য উইকন্ড মূলত জাতিসংঘের ফুড প্রোগ্রামের একজন শুভেচ্ছাদূত।
ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের পক্ষ থেকে আবেলকে ধন্যবাদ দিয়ে এ সংস্থার মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা ও পূর্ব ইউরোপের পরিকল্পনা প্রধান কর্নি ফ্লেইশার বলেন, ‘আবেলকে আমরা এ গুরুত্বপূর্ণ অনুদান ও অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানাই। আমরা বিশ্বাস করি অন্যরা আবেলের এ পদক্ষেপ দেখে অনুপ্রাণিত হবে এবং সাহায্যে এগিয়ে আসবে।’
সূত্র: ইয়ন










