বাংলাদেশের শিল্প ও সংস্কৃতির ক্ষেত্রে জাতীয় পর্যায়ে অবদানের জন্য পুরস্কৃত হচ্ছেন অরুণা বিশ্বাস। ‘শিল্পকলা পদক ২০২২’-এ ভূষিত হতে যাচ্ছেন এ অভিনেত্রী। অভিনয়জীবনে দীর্ঘ তিন যুগের পথ চলা তার। এবারই প্রথম কোনো রাষ্ট্রীয় স্বীকৃতিতে ভূষিত হতে যাচ্ছেন তিনি। বিষয়টি অরুণা জেনেছেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে। খবরটি পেয়ে ভীষণ উচ্ছ্বসিত অরুণা বিশ্বাস। 

শিল্পকলা পদক পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘সারাটা জীবন আমি শিল্প সংস্কৃতিকে ভালোবেসে কাজ করে গেছি। আজীবন অভিনয়কে ভালোবেসে অভিনয়টা মনেপ্রাণে করে গেছি। কোনো রাষ্ট্রীয় স্বীকৃতির আশায় কখনো কারো সঙ্গে কোনো ধরনের লবিং করিনি। আমি চেয়েছি কোনো একদিন যদি ভাগ্য সহায় হয়, তবে নিশ্চয়ই আমি রাষ্ট্রীয় স্বীকৃতি পাব।’

অরুণা বিশ্বাস অভিনেত্রী হিসেবেই সবচেয়ে বেশি পরিচিত। এছাড়া তিনি সিনেমাও পরিচালনা করেছেন। কাজ করেই যাচ্ছেন। সম্মাননা পাওয়া প্রসঙ্গে তিনি আরো বলেন, ‘‌জীবনের এ পর্যায়ে এসে শেষ পর্যন্ত হলেও আমি রাষ্ট্রীয় স্বীকৃতিতে ভূষিত হতে যাচ্ছি। এটা যে কত বড় আনন্দের, কতটা ভালো লাগার তা আসলেই ভাষায় প্রকাশের নয়।’ 

এ বছরই অরুণা বিশ্বাস সরকারি অনুদানে নির্মাণ করেছিলেন তার পরিচালিত প্রথম সিনেমা অসম্ভব। এতে তিনিসহ আরো অভিনয় করেছিলেন আবুল হায়াত, জ্যোৎস্না বিশ্বাস, সোহানা সাবা, নূর, স্বাগতা, শাহেদ শরীফ খানসহ আরো অনেকে। তবে অসম্ভব সিনেমাটি বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে ঠিক সে রকম ব্যবসা করতে পারেনি। 

নায়ক রাজ রাজ্জাকের পরিচালনায় বাপ্পারাজের বিপরীতে ‘চাপা ডাঙ্গার বউ’ সিনেমার মাধ্যমে অভিষেক হয় অরুণা বিশ্বাসের। বহু দর্শকপ্রিয় সিনেমা তিনি উপহার দিয়েছেন। এরপর নাটকেও নিয়মিত অভিনয় করেছেন।