কমিক বুক অ্যাডভেঞ্চার ‘ব্ল্যাক অ্যাডাম’ তৃতীয় সপ্তাহেও বক্সঅফিসে রমরমিয়ে চলছে। এই সপ্তাহান্তে ডাউনি জনসন অভিনীত সিনেমাটি উত্তর আমেরিকার স্থানীয় বাজারে আয় করেছে ১ কোটি ৮৫ লাখ ডলার। তবে ধারণা করা হচ্ছে, ডিসির প্রতিদ্বন্দ্বী মার্ভেল কমিকসের ‘ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার’ বক্সঅফিসে বড়সড় ধাক্কা দেবে।

আগামী শুক্রবার মুক্তি পেতে যাচ্ছে চ্যাডউইক বোসম্যান পরবর্তী এই অ্যাডভেঞ্চার। এর মধ্যেই ভক্তদের মধ্যে আলোচনার ঝড় তুলেছে ‘ব্ল্যাক প্যান্থার টু’।

তৃতীয় সপ্তাহান্ত মিলিয়ে ‘ব্ল্যাক অ্যাডাম’-এর স্থানীয় আয় প্রায় পৌন ১৪ কোটি ডলার, আর বৈশ্বিক আয় প্রায় ৩২ কোটি ডলার। সব মিলিয়ে সাড়ে ১৯ কোটি ডলার বাজেটের বিনিময়ে একটি সলিড হিট পেয়েছে ডিসি। এই আয় ৪০ কোটি ডলার পর্যন্ত গড়াতে পারে। ছবিটি গতবছর এইচবিও ম্যাক্সের সঙ্গে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া ‘দ্য সুইসাইড স্কোয়াড’কে পেছনে ফেলে দিয়েছে। এ ছাড়া শিগগিরই ‘সাজাম’-এর আয়কে ছাড়িয়ে যাবে।

এ দিকে ধারণা করা হচ্ছে, ‘ওয়ান্ডার ফরএভার’ বৈশ্বিক আয়ে ১০০ কোটি ডলার ছাড়িয়ে যাবে। প্রথম সপ্তাহান্তে স্থানীয় বাজারে আয় করবে ২০ কোটি ডলার। এমনিতে মার্ভেল সুপারহিরোদের রেকর্ড সাম্প্রতিক সময়ে বরাবরের মতো ভালো। সর্বশেষ ‘ডক্টর স্ট্রেঞ্জ ইন দ্য মাল্টিভার্স অব ম্যাডনেস’ প্রথম সপ্তাহান্তেই পৌন ১৯ কোটি ডলার আয় করে চমক দেখিয়েছে। আরো পিছু ফিরলে মূল ‘ব্ল্যাক প্যান্থার’-এর অভিষেক আয় ছিল ২০ কোটি ডলারের বেশি। যা পরে বিশ্বব্যাপী ১৩০ কোটি ডলার ছাড়িয়ে যায়।