দেশবরেণ্য নাট্যজন আলী যাকের। তিন বছর আগে ২৭ নভেম্বর পরপারে পাড়ি জমান তিনি। আর নভেম্বরেই জন্মদিন এ গুণী অভিনেতার। আলী যাকেরের জন্মদিন ও প্রয়াণ দিবস উপলক্ষে ‘নাগরিক নাট্য সম্প্রদায়’ আয়োজন করছে ‘স্মৃতিতে স্মরণে আলী যাকের’ শীর্ষক একটি অনুষ্ঠান। বিষয়টি নিশ্চিত করেছেন নাগরিক নাট্য সম্প্রদায়ের সভাপতি আসাদুজ্জামান নূর ও সাধারণ সম্পাদক সারা যাকের। প্রয়াত অভিনেতা আলী যাকেরকে স্মরণ করা হবে স্মৃতিকথা, গান-কবিতায়। আগামী শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় নাটক সরণির মহিলা সমিতি মিলনায়তনে স্মৃতিতে স্মরণে আলী যাকের শীর্ষক এ অনুষ্ঠান হবে।
এ আয়োজন নিয়ে জানতে চাইলে আসাদুজ্জামান নূর বলেন, ‘আমাদের সবার প্রিয় বরেণ্য এ শিল্পীর জন্মদিন এবং প্রয়াণ দিবসকে কেন্দ্র করেই মূলত এ অনুষ্ঠান। অনুষ্ঠানে আমিসহ আরো বেশ কয়েকজন সম্মানীত অতিথি আলোচনায় অংশ নেবেন। আলোচনা পর্ব শেষে তার অভিনীত বিভিন্ন নাটকের অংশবিশেষ মঞ্চস্থ হওয়ার পাশাপাশি তার প্রিয় গান-কবিতার অংশ বিশেষও কেউ গাইবেন, আবৃত্তি করবেন। নৃত্য পরিবেশনাও থাকবে। মূলত নাগরিক নাট্য সম্প্রদায়ের সঙ্গে সম্পৃক্ত শিল্পীরাই পারফরম্যান্সে অংশগ্রহণ করবেন। নৃত্যশিল্পী দলের বাইরের কেউই হবেন না। এমন একটি আয়োজন উপভোগ করার জন্য নিমন্ত্রণ রইল। আশা করি আমাদের আয়োজন ভালো লাগবে, সেই সঙ্গে যাকের ভাইয়ের প্রতি শ্রদ্ধাও প্রদর্শন করা হবে। অনুষ্ঠানে স্মারক বক্তৃতা প্রদান করবেন কলকাতার বরেণ্য নাট্যজন বিভাস চক্রবর্তী।’
শিল্পকলায় অবদানের জন্য ১৯৯৯ সালে বাংলাদেশ সরকার আলী যাকেরকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদকে ভূষিত করে। এছাড়া তিনি বাংলাদেশ শিল্পকলা একাডেমি পুরস্কার, বঙ্গবন্ধু পুরস্কার, মুনীর চৌধুরী পদক, নরেন বিশ্বাস পদকেও ভূষিত হয়েছিলেন। ১৯৭২ সালে আলী যাকের আরণ্যক নাট্যদলের হয়ে মামুনুর রশীদের নির্দেশনায় মুনীর চৌধুরীর কবর নাটকটিতে প্রথম অভিনয় করেন। ১৯৭২ সালেই আতাউর রহমান ও জিয়া হায়দারের আহ্বানে নাগরিক নাট্য সম্প্রদায়ে যোগ দেন। ওই দলে তিনি আতাউর রহমানের নির্দেশনায় বুড়ো শালিকের ঘাড়ে রোঁ নাটকে প্রথম অভিনয় করেন। ব্রেটল ব্রেশটের দ্য লাইফ অব গ্যালিলিও গ্যালিলি অবলম্বনে গ্যালিলিও নামে অনুবাদ নাটকে নামচরিত্র ‘গ্যালিলিও’ হিসেবে অভিনয়ের জন্য আলী যাকেরকে ‘বাংলার গ্যালিলিও’ হিসেবে আখ্যায়িত করা হয়। মৃত্যুর আগ পর্যন্ত আলী যাকের নাগরিক নাট্য সম্প্রদায়ে সভাপতি ছিলেন। গুণী এ অভিনেতা মঞ্চ ও টেলিভিশন দুই মাধ্যমেই দাপটের সঙ্গে অভিনয় করেছেন।










