দেশের বিনোদন দুনিয়ার অন্যতম একজন আফজাল হোসেন। একসময় পর্দায় তার নিয়মিত বিচরণ থাকলেও এখন খুব কমই দেখা যায়। হােল ওটিটি কনটেন্টে তার দেখা পাওয়া গেলেও বড় পর্দায় এক লম্বা সময় অনুপস্থিত ছিলেন আফজাল হোসেন। তার ভক্তদের জন্য সুখবর হলো এ দাপুটে অভিনেতাকে শিগগির নতুন সিনেমায় দেখা যাবে। সিনেমার নাম ‘ওয়ান ইলেভেন’। এটি নির্মাণ করেছেন কামরুল ইসলাম রিফাত।

থ্রিলারধর্মী ‘ওয়ান ইলেভেন’ সিনেমাটিতে এরই মধ্যে চুক্তিবদ্ধ হয়েছেন আফজাল হোসেন। এ বিষয়ে নির্মাতা বলেন, ‘আফজাল হোসেন কিংবদন্তি অভিনেতা। ওয়ান ইলেভেনে যে চরিত্রে তিনি অভিনয় করতে যাচ্ছেন, আশা করি দর্শক মুগ্ধ হবেন।’ 

সিনেমার গল্প ও অন্যান্য চরিত্র নিয়ে নির্মাতা জানিয়েছেন, ‘ধুরন্ধর রহস্যময় রোমাঞ্চকর ইতিহাসকে আতশ কাচের নিচে ফেলতেই স্পষ্ট দেখা মেলে নায়ক, খলনায়ক, পুলিশ, গোয়েন্দা, লেখক, গণমাধ্যম আর কিছু অসমাপ্ত প্রশ্নের ভুলভ্রান্তিতে ভরা উত্তর। এ চলচ্চিত্র সে গল্পই বলে।’ 

ওয়ান ইলিভেন সিনেমার গল্প লিখেছেন হুমায়ুন কবির বিশ্বাস। সংলাপ মোজাফফর হোসেনের। গুণী চলচ্চিত্রকার যুগল নূরুল আলম আতিক ও মাতিয়া বানু শুকু আছেন চিত্রনাট্য সংশোধন ও পরিমার্জনের কাজে। এ সিনেমার অন্যান্য চরিত্রে কারা অভিনয় করছেন, এ নিয়ে এখনো কিছু না জানানো হলেও শিগগির জানান হবে বলে জানিয়েছেন নির্মাতা। চলতি বছরেই সিনেমার শুটিং শুরু হতে যাচ্ছে। 

অভিনেতা, পরিচালক, চিত্রশিল্পী, বিজ্ঞাপন নির্মাতা এমন একাধিক পরিচয়ে পরিচিত আফজাল হোসেন। তার অভিনীত ‘দুই জীবন’, ‘নতুন বউ’, ‘পালাবি কোথায়’, ‘ঢাকা অ্যাটাক’ সিনেমাগুলো দর্শকের ভালোবাসা পেয়েছিল। গত বছর জনপ্রিয় তিনটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন আফজাল হোসেন। সর্বশেষ ‘কারাগার পার্ট টু’-এ দেখা গেছে দর্শকপ্রিয় এ অভিনেতাকে।