ব্যক্তিগত ও পেশাগত জীবনে নানা জটিলতার মধ্যে দিয়ে যাওয়া বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি এবার নিজের অভিজাত রেস্তোরাঁ 'বেসটিয়ান' বন্ধের ঘোষণা দিলেন। গতকাল মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি এ সিদ্ধান্তের কথা জানান। তবে এ ঘোষণার পেছনে তার স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে চলা আইনি ঝামেলা এবং সাম্প্রতিক ৬০ কোটি রুপির প্রতারণা মামলার প্রভাব রয়েছে কিনা, তা নিয়ে প্রশ্ন উঠছে।
২০১৬ সালে যাত্রা শুরু করা রেস্তোরাঁটি মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় সামুদ্রিক খাবারের জন্য বেশ জনপ্রিয় ছিল। সমাজের উচ্চবিত্ত থেকে শুরু করে বলিউড তারকাদের পছন্দের জায়গা হয়ে উঠেছিল 'বেসটিয়ান'। শিল্পা তার পোস্টে এই রেস্তোরাঁকে 'অসংখ্য সুখস্মৃতির সাক্ষী' হিসেবে উল্লেখ করে বলেন, আগামীকাল বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) একটি বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে এ অধ্যায়ের সমাপ্তি ঘটবে।
সাম্প্রতিক সময়ে রাজ কুন্দ্রার বিরুদ্ধে অশ্লীল ভিডিও তৈরি ও বিক্রির অভিযোগ এবং পরবর্তীতে ৬০ কোটি রুপির প্রতারণার মামলা শিল্পা-রাজের ব্যবসাকে ক্ষতিগ্রস্ত করেছে বলে মনে করা হচ্ছে। যদিও এ দম্পতি নিজেদের আইনজীবীর মাধ্যমে মামলার বিষয়টি অস্বীকার করেছেন। তবুও তাদের একাধিক ব্যবসা বন্ধ হওয়ার খবর বিভিন্ন সময় শিরোনামে এসেছে।
'বেসটিয়ান' বন্ধের এ ঘোষণায় মুম্বাইবাসীদের মধ্যে এক ধরনের আবেগ কাজ করছে, যা সামাজিক মাধ্যমে তাদের মন্তব্যে প্রকাশ পেয়েছে। তবে শিল্পা জানিয়েছেন, এ বিদায় সাদামাটা হবে না, বরং শেষবারের মতো এক বিশেষ উদযাপনের মধ্য দিয়ে এর ইতি টানা হবে।









