ভারতীয় অভিনেতা প্রতীক গান্ধী। আলোচনায় এসেছেন ২০২০ সালের ‘স্ক্যাম ১৯৯২’ সিরিজে অভিনয়ের মধ্য দিয়ে। চলতি বছরে পরিচালক কুণাল খেমুর ‘মাদগাঁও এক্সপ্রেস’ সিনেমায়ও দেখা যাবে তাকে। মাদগাঁও এক্সপ্রেসের চ্যালেঞ্জিং চরিত্রের মধ্য দিয়ে আবারো অভিনয়ে প্রতীকের বহুমুখিতার প্রমাণ পাওয়া গেছে, যা ২০১০ সাল থেকে গুজরাটি থিয়েটার ও বেশকিছু সিনেমায় কাজের মধ্য দিয়ে তিনি অর্জন করেছেন। ভারতীয় বিনোদনমাধ্যম স্ক্রলের সঙ্গে এ তারকা অভিনয়ের প্রতি তার দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করেছেন।
অভিনেতাকে প্রশ্ন করা হয়েছিল যদি স্ট্রিমিং প্লাটফর্ম না থাকত, তাহলে তিনি গুজরাটি থিয়েটার ও সিনেমা থেকে হিন্দি সিনেমায় আসতেন কিনা?
জবাবে প্রতীক বলেন, ‘এ মঞ্চ আমি কখনই ছেড়ে যাব না। আমি সবসময় হিন্দি সিনেমা করতে চেয়েছিলাম। কয়েক বছর আগেও ওটিটি স্ট্রিমিং নিয়ে আমার কোনো ধারণা ছিল না। আমি শেষ পর্যন্ত হিন্দি সিনেমাই করতে চেয়েছি।’
তবে প্রতীক জানিয়েছেন, তিনি জানতেন না হিন্দি সিনেমায় আসতে তার কত সময় লাগবে। কাজের শুরুটা ছিল প্রতীকের পার্শ্ব চরিত্রে অভিনয়ের মধ্য দিয়ে। ‘মিত্র’ ও ‘লাভইয়াত্রি’ হিন্দি সিনেমা দিয়ে কাজ শুরু করেছেন তিনি। প্রতীক আরো যোগ করেছেন, তিনি সত্যি জানতেন না নায়কের বন্ধুর চরিত্র থেকে নায়ক হয়ে ওঠার যাত্রাটি কত দীর্ঘ ছিল। দ্বিতীয় প্রশ্নটি ছিল স্ক্যাম ১৯৯২ সিনেমা-পূর্ববর্তী এবং পরবর্তী সময়ের জীবন আলাদা কিনা?
প্রতীক জানান, স্ক্যাম সিনেমার পরবর্তী সময় সে সাফল্যের স্বপ্ন তিনি সবসময় দেখেছেন। আরো বলেন, ‘আমি জীবনে সবসময় চেয়েছিলাম, সিনেমার চিত্রনাট্যকার যখন কিছু ভাবছেন বা যখন একজন পরিচালক কিছু ভিজুয়ালাইজ করছেন, তখন তাদের মনে আমার মুখটি ভাসবে।’
এছাড়া প্রতীক গান্ধী যেহেতু একেবারে আঞ্চলিক (গুজরাটি) চলচ্চিত্র থেকে এসেছিলেন, তার মধ্যে সর্বদা ভাবনা ছিল দর্শক যদি তাকে একটু লক্ষ করে, তার মধ্যে যদি সম্ভাবনা খুঁজে পায়, তবে তিনি আরো ভালো কিছু করতে পারবেন।
তার প্রথম হিন্দি হিট স্ক্যাম ১৯৯২ সিরিজটি ছিল ভারতের বড় এক দুর্নীতিগ্রস্ত স্টকহোল্ডার হারশাদ মেহতাকে নিয়ে। সেখানে প্রতীক হারশাদ মেহতার চরিত্রে অভিনয় করেছেন। তবে প্রতীক যেভাবে অভিনয় করেছেন, তা বিবেচনা করে দর্শক হারশাদ মেহতাকে ঘৃণা করতে পারেনি।
প্রতীক বলেন, ‘সে কাজের কৃতিত্ব শোটির পরিচালক হানসল স্যার ও করতালিকের। তারা আমাকে হারশাদের মতো দেখাতে ও তাকে অনুকরণের জন্য খুব বেশি জোর দেয়নি। কারণ এ চেষ্টা পর্দায় কাজের জন্য প্রয়োজনীয় অনুভূতি থেকে দূরে নিয়ে যেতে পারত।’
এছাড়া প্রতীক আরো যোগ করেছেন তার দীর্ঘদিন থিয়েটার করাই নিজের অজান্তেই তাকে প্রস্তুত করে তুলেছে ।
সেই সঙ্গে প্রশ্ন ওঠে হারশাদ মেহতার সিরিজে প্রতীককে আবার গান্ধী চরিত্রেও অভিনয় করতে দেখা যায়। গান্ধীকে এত ভিজুয়ালভাবে দেখানোর জন্য অবশ্যই তার সঙ্গে সাদৃশ্য থাকা প্রয়োজন। অন্যথায় দর্শক ভরসা করবে না।
উত্তরে অভিনেতা বলেন, ‘গান্ধী জনসম্মুক্ষে কেমন ছিলেন, তা সবাই জানেন। তবে তার অন্তর্নিহিত চিন্তাভাবনা কী হতে পারে, তা ব্যাখ্যার জন্য উন্মুক্ত। এছাড়া অনুকরণ হতে হবে খুব সূক্ষ্মভাবে।’
গান্ধী চরিত্রে অভিনয় করেছেন এমন সব অভিনেতার মধ্যে আপনি সবচেয়ে বেশি কার প্রশংসা করবেন প্রশ্নোত্তরে বলেন, ‘বেন কিংসলে। তিনি যা করেছেন তা কিংবদন্তি। গান্ধী বললেই তার মুখটা মাথায় আসে। মঞ্চে চেরাগ ভোরা। তার শারীরিক গঠন ভালো কাজ করেছে। এছাড়া তিনি একজন গুজরাটিও।’
থিয়েটার ও সিনেমা উভয় কাজের অভিজ্ঞতা নিয়ে বলেন, ‘একটি সিনেমা শুরুর পূর্বে প্রতিটি কাজ নিয়ে একটি গবেষণা হয়। রাহুল ঢোলাকিয়া পরিচালিত ‘অগ্নি’র সিনেমার জন্য, আমি একজন ফায়ার ফাইটারের ভূমিকায় অভিনয় করেছি। আমি তাদের সঙ্গে প্রশিক্ষণ নিয়েছি। এভাবে প্রতিটি বিষয়কেই গুরুত্ব দিয়ে কাজ করতে হয়।’
স্ক্রল ডটইন অবলম্বনে ফারিহা আজমিন










