‘হাওয়া' সিনেমা বিষয়ে বন বিভাগের দায়েরকৃত মামলাটি সমঝোতার ভিত্তিতে নিষ্পত্তির উদ্যোগ নেয়া হয়েছে। সিনেমার পরিচালক মেজবাউর রহমান সুমনের করা এক আবেদনের প্রেক্ষিতে এ উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ। এরইমধ্যে বিজ্ঞ মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি প্রত্যাহারের আবেদন করা হয়েছে। আজ রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অবগত না থাকার বিষয়টি উল্লেখ করে 'হাওয়া' সিনেমার পরিচালক আপোষ নিষ্পত্তির জন্য আবেদন করেছেন। সেই আবেদনের প্রেক্ষিতে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট কর্তৃক দায়েরকৃত মামলাটি সমঝোতার ভিত্তিতে প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে।
বিজ্ঞপ্তি আরো বলা হয়েছে, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ এর ধারা ৪৩ মোতাবেক মামলাটি আপোষযোগ্য হওয়ায় ফৌজদারি কার্যবিধির ২৪৮ ধারা মোতাবেক আজ বিজ্ঞ মুখ্য মহানগর হাকিম আদালতে মামলাটি প্রত্যাহারের আবেদন করা হয়েছে।আদালত মামলা প্রত্যাহারের আবেদনের বিষয়টি শুনেছেন এবং পরবর্তী তারিখে রায় ঘোষণার জন্য ধার্য করেছেন।










