বক্স অফিসে এখনো মোটামুটি আয় করে যাচ্ছে প্রভাস অভিনীত ‘‌সালার’। সিনেমাটি পরিচালনা করেছেন প্রশান্ত নীল। এ পর্যন্ত এর আয় ৬২৫ কোটি রুপির মতো। প্রভাস এ সিনেমা দিয়ে কামব্যাক করেছেন। তবে অনেকের ধারণা, এর পরের সিনেমাটি এর থেকে বেশি প্রভাব রাখবে। প্রভাস অভিনীত পরবর্তী সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’। সিনেমাটি পরিচালনা করেছেন নাগ অশ্বিন। এবার অশ্বিন জানালেন, এ সিনেমা থেকে সিনেমাটিক ইউনিভার্স তৈরির পরিকল্পনা তার এখনো নেই।

নাগ অশ্বিনের এ সিনেমার টিজার মুক্তি পেয়েছে কেবল। সিনেমাটি মুক্তি তো দূর, ট্রেলার আসার আগেই এর সিকুয়াল হওয়ার সম্ভাবনা নিয়ে কথা বলছেন দর্শক। এ নিয়ে সম্প্রতি কথা বলতে গিয়ে নাগ অশ্বিন নিজেও এর সম্ভাবনা প্রসঙ্গে সহমত জানান। কিন্তু এ মুহূর্তে এ সিনেমার কোনো সিকুয়ালের পরিকল্পনা নেই তার। তিনি বলেন, ‘এটিকে শুরুতেই আমি একটা একক সিনেমা হিসেবে নির্মাণ করতে চেয়েছি। এখনো সে রকমই ইচ্ছা আছে। একক সিনেমার মধ্য দিয়েই সিনেমাটিক এক্সপেরিয়েন্সের নানা দিক দেখতে চাই।’

তবে ভারতে বড় বাজেটের সিনেমা নিয়ে যেভাবে সিকুয়াল তৈরি হচ্ছে, তাতে কল্কিরও সিকুয়াল হতে পারে। অবশ্য তা অনেক পরের বিষয়। সিনেমাটির মুক্তি নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। এ নিয়ে পরিচালক বলেন যে আগে সিনেমার মুক্তির তারিখ ও অন্যান্য বিষয় চূড়ান্ত হবে। তার পরই সিনেমার সিকুয়াল নিয়ে ভাবা যাবে। তবে বিষয়টি এমন নয় যে অশ্বিন নিজে আগে ভাবেননি।

সিনেমাটিতে তিনি অসাধারণ ভিজুয়াল ইফেক্ট দিতে চান। এ নিয়ে তিনি বলেন, ‘আমি আশা করি, যেভাবে পরিকল্পনা করা হয়েছে বিষয়টি সেভাবেই হবে। ভারি ভিজুয়াল ইফেক্ট দিয়ে সিনেমা নির্মাণ ভারতে এখনো সহজ নয়। এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল আমাদের জন্য। সেটা করেছি। আরো চেষ্টা করছি ভিজুয়াল ইফেক্টের উন্নতির। সিনেমার পুরো বিষয়টাই একটা কল্পনা। সে কল্পনা আমরা যেভাবে করেছি, তা পর্দায় তুলে ধরার সর্বোচ্চ চেষ্টা করছি।’

নাগ অশ্বিন একটি ডিস্টোপিয়ান দুনিয়ার গল্প বলতে চেয়েছেন এ সিনেমায়। ভবিষ্যতের পৃথিবীর এ গল্প সায়েন্স ফিকশন ও ডিস্টোপিয়ার মিশ্রণে হবে। সিনেমায় প্রভাস ছাড়াও অভিনয় করছেন দীপিকা পাড়ুকোণ, অমিতাভ বচ্চন ও কমল হাসান। কল্কির মাধ্যমে আরেকটি প্যান ইন্ডিয়ান সিনেমা পাচ্ছেন প্রভাস।

সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস