বলিউড তারকা পরিণীতি চোপড়া ও রাজনীতিবিদ রাঘব চাড্ডার প্রেম নিয়ে মিডিয়ায় কম চর্চা হয়নি। গত বছর মে মাসে তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হন। বিয়ের প্রায় এক বছর পর এক সাক্ষাৎকারে এ অভিনেত্রী মুখ খুললেন তার সম্পর্ক নিয়ে। তারা প্রথম দেখা করেছিলেন লন্ডনের এক কনফারেন্সে। পরের দিন তারা একসঙ্গে সকালের নাস্তা করেছেন। দেখা হওয়ার পাঁচ মিনিটের মাথায় তিনি বিশ্বাস করে বসেছিলেন, তাদের বিয়ে হবে।
রাঘব চাড্ডা আম আদমি পার্টির রাজনীতিবিদ। একজন রাজনীতিবিদের সঙ্গে অভিনেত্রীর সম্পর্ক নিয়ে রাজ শামানির পডকাস্টে কথা বলেছেন পরিণীতি চোপড়া। তিনি বলেন, ‘আমরা লন্ডনের একটা অনুষ্ঠানে দেখা করি। সাধারণত আমি হায় বা হ্যালো বলেই কথা শেষ করি। কিন্তু তাকে পরের দিন ব্রেকফাস্টের দাওয়াত দিই। পরের দিন আমরা যখন ব্রেকফাস্টে মিলিত হই, তখন আমার কোনো ধারণাই ছিল না, কার সঙ্গে দেখা করতে যাচ্ছি বা সে কী করে। নাশতার পর আমি তার কথা শুনলাম। যদিও তার আগেই বুঝতে পেরেছি আমরা বিয়ে করতে যাচ্ছি।’
পরিণীতি চোপড়ার দাবি, তিনি ও রাঘব বিয়ের ব্যাপারে কোনো আলোচনা শুরু করেননি। বরং এটা তাদের সম্পর্কের গোড়া থেকেই যেন বিয়ের ব্যাপারে অকথিত চুক্তিতে পরিণত হয়ে গিয়েছিল। পরিণীতা বলেন, ‘শপথ করে বলতে পারি, আমি রাঘবের সঙ্গে কথা বলার পাঁচ মিনিটের মধ্যেই বুঝতে পারি, মানুষটাকে আমি বিয়ে করতে চলেছি। ততক্ষণে আমি জানি না, সে বিয়ে করেছে কিনা কিংবা তার বয়স কত। সে কেবল আমার সামনে সকালের নাস্তা করল, আর আমি তার দিকে তাকিয়ে ছিলাম। আমার বিশ্বাস সে সময় আমার ভেতরে ঐশ্বরিক কণ্ঠস্বর ছিল এটা।’
পরিণীতি চোপড়া জানান, তারা পরস্পরকে জেনেছেন পরে। বরং আগেই ঠিক করে ফেলেছেন বিয়ের ব্যাপারটা। পরে তীব্র হয়েছে অনুভূতিগুলো। তারপর সবকিছু মিলিয়েই আজ পর্যন্ত আসা। তিনি বলেন, ‘আমরা প্রায়ই বলতাম, সন্তানের ব্যাপার নিয়ে, পরিবার কিংবা দুজনের পছন্দ ও অপছন্দ নিয়ে।’ পরিণীতি চোপড়া বর্তমানে তার সদ্য মুক্তি পাওয়া ‘অমর সিং চমকিলা’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। ইমতিয়াজ আলী নির্মিত সিনেমাটিতে তিনি দিলজিৎ দোশাঞ্জের বিপরীতে অভিনয় করেছেন।
সূত্র: ইন্ডিয়ান টাইমস










