উইলিয়াম শেকসপিয়ারের কালজয়ী ট্রাজেডি হ্যামলেট, ওথেলো ও ম্যাকবেথ। এ তিন ধ্রুপদী অনুসৃত এক নবনাট্য ‘করুণা ও ভীতির গল্প’ প্রযোজনা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ। ২৫ আগস্ট শুরু হয়ে আয়োজনটি চলবে ২ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডলে মঞ্চস্থ হচ্ছে নাটকটি। উদ্বোধনী প্রদর্শনীতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য অভিনেতা আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির।
রাজনৈতিক ইতিহাসের উত্থান-পতন, সামরিক শাসন, রক্তপাত ও হত্যাকাণ্ডের ঘটনাগুলোকে শেকসপিয়ারের উল্লিখিত ট্র্যাজেডিগুলো প্রতিবিম্বিত করে। তাই শেকসপিয়ার অনুশীলনের একটি দীর্ঘ শৈল্পিক ও জ্ঞানতাত্ত্বিক ঐতিহ্যের ধারাবাহিকতায় আরেকটি নতুন সংযোজন নবনাট্য করুণা ও ভীতির গল্প প্রযোজনা।
নাটকটির নাট্য ভাবনা, পরিকল্পনা ও নির্দেশনায় ছিলেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. আহমেদুল কবির। বণিক বার্তাকে তিনি বলেন, ‘পুরনো
সময়ের গ্রন্থি খুলে আমরা সৃজন করতে চেয়েছি বর্তমান সময়ের এক চৌচির গাথা করুণা ও ভীতির গল্প। আমাদের করুণ ও ভীত গল্পগুচ্ছের ভুবনে আপনাদের স্বাগত জানাই করুণায় সিক্ত হতে নয়, ভয়ে ত্রস্ত হতে নয়। বিমোক্ষণের ভেতর দিয়ে অভিনীত জীবনের সঙ্গে বাস্তব জীবনের ব্যবধান ঘুচে গেলে যে জীবনের আবিষ্কার ঘটে, সে জীবনের খোঁজে সৃজিত আনন্দ ও শিক্ষার অমৃত ভুবনে আপনাদের জানাই বিনীত স্বাগতম।’
নাটকটি সফলভাবে প্রদর্শনী করতে বিভিন্নভাবে সহযোগিতা ও অভিনয় করেছেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।










