অভিনয়ে খুব একটা নিয়মিত নন জেনি। একসময় ছোট পর্দায় নিয়মিত ছিলেন এ অভিনেত্রী। তবে বর্তমানে কাজে ফিরেছেন তিনি। নাম লিখিয়েছেন সিনেমায়ও। মুক্তির অপেক্ষায় আছে জেনি অভিনীত সিনেমা ‘শ্যামা কাব্য’। নতুন খবর হলো এবার ওয়েব সিরিজে দেখা যাবে জেনিকে। সিরিজটির নাম ‘মোবারক নামা’। এটি পরিচালনা করেছেন গোলাম সোহরাব দোদুল। ওয়েব সিরিজটির নাম ভূমিকায় অভিনয় করেছেন মোশাররফ করিম।
প্রথমবার ওয়েব সিরিজে অভিনয় করা প্রসঙ্গে জেনি বলেন, ‘গোলাম সোহরাব দোদুল ভাই একজন গুণী নির্মাতা। তার সঙ্গে এ কাজ করার জন্য অনেক আগেই আমার নিজেকে প্রস্তুত করতে হয়েছে। এতে আমি একজন আইনজীবীর চরিত্রে অভিনয় করেছি। এ মোবারক নামাকে সহজে যদি বলা যায়, তাহলে বলতে হয় যে এটি একটি কোর্ট রুম ড্রামা।’
আসন্ন ওয়েব সিরিজে সহশিল্পী ও নির্মাতাকে নিয়ে বলতে গিয়ে জেনি বলেন, ‘আমরা যারা এতে অভিনয় করেছি, প্রত্যেকেই যার যার চরিত্রে পূর্ণ মনোযোগী থেকেই অভিনয় করার চেষ্টা করেছি। সব মিলিয়ে আমার প্রথম ওয়েব সিরিজ হিসেবে কাজ করে আমি সন্তুষ্ট। আমার বিশ্বাস এটি প্রচারে এলে দর্শকের ভালো লাগবে। আমি ধন্যবাদ দিতে চাই হইচই পরিবারকে ও গোলাম সোহরাব দোদুল ভাইকে, আমাকে এত চমৎকার একটি প্রজেক্টের সঙ্গে সম্পৃক্ত রাখার জন্য।’
এর আগে অর্ধশতাধিক নাটকে অভিনয় করলেও এবারই প্রথম দোদুলের পরিচালনায় ওয়েব সিরিজে কাজ করছেন মোশাররফ করিম ও জেনি। এরই মধ্যে আট পর্বের এ সিরিজের শুটিং শেষ হয়েছে। ২১ ডিসেম্বর ওটিটি প্লাটফর্ম হইচইয়ে মোবারক নামা মুক্তি পেতে যাচ্ছে। ওয়েব সিরিজটির গল্প রচনা করেছেন আব্দুল্লাহ আল মুক্তাদির।
অন্যদিকে জেনি অভিনীত প্রথম সিনেমা ‘শ্যামা কাব্য’ আগামী নির্বাচনের পর মুক্তি পেতে পারে বলে জানিয়েছেন নির্মাতা বদরুল আনাম সৌদ। অভিনয়ে নিয়মিত হওয়া প্রসঙ্গে জানতে চাইলে জেনি জানান, এ মুহূর্তে তিনি অভিনয়ে আরো অনেক বেশি সিরিয়াস যেমন হয়েছেন, অভিনয় নিয়ে নিয়মিত কাজ করার ব্যাপারেও প্রবল আগ্রহ প্রকাশ করেছেন। ভালো গল্প ও ভালো চরিত্র হলে তিনি সিনেমা, নাটক, ওয়েব ফিল্ম, ওয়েব সিরিজে নিয়মিত কাজ করতে চান।










