রক মিউজিক তারকা জেমস বছরজুড়েই দেশ ও দেশের বাইরে কনসার্টে ব্যস্ত থাকেন। সম্প্রতি যুক্তরাজ্যে গিয়েছেন তিনি, উদ্দেশ্য কনসার্ট করা। এবারের যুক্তরাজ্য কনসার্ট নিয়ে জেমস ভক্তদের আগ্রহ অনেক বেশি। কারণ দীর্ঘ ১০ বছর পর যুক্তরাজ্যে গাইবেন নগর বাউলখ্যাত ব্যান্ড তারকা জেমস। আগামীকাল লন্ডনের দ্য রয়েল রিগেনসিতে ও ১০ ডিসেম্বর বার্মিংহামে একটি কনসার্টে অংশ নেবেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন জেমসের মুখপাত্র রুবাইয়াত ঠাকুর রবিন।

তিনি জানান, এক দশক পর যুক্তরাজ্যে কনসার্ট করতে যাচ্ছেন জেমস। বর্তমানে যুক্তরাজ্যের লন্ডনে আছেন তারা। সব ঠিক থাকলে ১১ ডিসেম্বর ঢাকায় ফিরবেন। ১৫ ডিসেম্বর দেশের একটি কনসার্টে গাইবেন তিনি। রবিন বলেন, ‘৭ ও ১০ ডিসেম্বর লন্ডন ও বার্মিংহামে কনসার্টে অংশ নেবেন জেমস। সর্বশেষ ১০ বছর আগে লন্ডনে কনসার্টে অংশ নিয়েছিলেন তিনি। আয়োজকদের কাছ থেকে আমরা জানতে পেরেছি, এ কনসার্ট ঘিরে সেখানকার প্রবাসী বাঙালিদের মধ্যে এক ধরনের উন্মাদনা শুরু হয়েছে। আশা করি, জমজমাট একটি আয়োজন হবে।’

এর আগে ২০১৩ সালে যুক্তরাজ্যে কনসার্ট করেছেন জেমস, এরপর সেখানে আর কোনো শো করেননি। কনসার্টে অংশ নেয়ার জন্য রোববার সকালে লন্ডনের উদ্দেশে রওনা দিয়েছেন জেমস ও তার দল। এর আগে গত মে মাসে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন তিনি। কথা ছিল ১০ রাজ্যে ১০টি শো করবেন। থাকবেন এক মাস। কিন্তু সেখানে পৌঁছার পর ভক্ত-শ্রোতাদের ও আয়োজকদের আগ্রহের কারণে সফর শিডিউল বদলাতে হয়েছে তার। এক মাসের বদলে থাকতে হয়েছিল দুই মাস সাত দিন, অংশ নিয়েছিলেন ২৫টি শোয়ে। প্রতিটি শোই ছিল উৎসবমুখর।

১৯৮০ সালে ‘ফিলিংস’ ব্যান্ড গঠন করেন জেমস। ফিলিংস থেকে ‘নগর বাউল’, ‘লেইস ফিতা লেইস’সহ কয়েকটি অ্যালবাম প্রকাশ পেয়েছিল। অ্যালবামের গানগুলো পেয়েছিল দর্শকপ্রিয়তা। পরে ফিলিংস ছেড়ে নগর বাউল গঠন করেন। এরপর প্রকাশ করেন ‘দুষ্টু ছেলের দল’ অ্যালবাম। সর্বশেষ গত রোজার ঈদের চাঁদরাত জেমসের নতুন গান ‘সবই ভুল’ প্রকাশ করেন। যৌথভাবে গানটির কথা লিখেছেন জেমস ও বিশু শিকদার। গানের সুর করেছেন জেমস। বসুন্ধরা ডিজিটাল ইউটিউব চ্যানেলে প্রকাশ পায় গানটি।