মিজানুর রহমান আরিয়ানের একটিই নাটক মুক্তি পাবে ঈদে। কেননা তিনি তুলনামূলক কমই নির্মাণ করেন নাটক। মিজানুর রহমান আরিয়ান মানেই বিশেষ কিছু। শুরু থেকেই মানের দিকে নজর দিয়ে কাজ করেছেন তিনি। সংখ্যার চেয়ে মানেই বেশি গুরুত্ব দেন। সে কারণেই এবারের ঈদে একটিই নাটক মুক্তি পাচ্ছে তার। নাটকের নাম তখন যখন। আর এতে অভিনয় করেছেন ফারহান আহমেদ জোভান, নিহা ও সাদিয়া আয়মান। 

নাটকটি নির্মাণের পাশাপাশি এর চিত্রনাট্যও লিখেছেন আরিয়ান। নাটকটি মুক্তি পাবে সিএমভির ব্যানারে। মূলত তিন বন্ধুর গল্প নিয়ে তখন যখন নির্মাণ করেছেন তিনি। জোভান, নিহা ও সাদিয়াকে দেখা যাবে সহপাঠী তথা বন্ধুর চরিত্রে।

নাটক প্রসঙ্গে মিজানুর রহমান আরিয়ান বলেন, ‘এটা একটা লাভ ট্রায়াঙ্গেল। বিশ্ববিদ্যালয় জীবনে ঢোকার আগে কোচিং করার একটা সময় আসে শিক্ষার্থীদের জীবনে। সে সময়টায় কোচিং ক্লাসের সুবাদে প্রেমেও পড়ে অনেকে। তেমনই একটি ত্রিভুজ প্রেমের গল্প এটি। বাকিটা আর বলছি না।’

মিজানুর রহমান আরিয়ানের গল্পের ধাঁচ যারা জানেন, তারা এ নাটকের মূল সুর বুঝতে পারবেন। নাটকটির কাজ এরই মধ্যে শেষ করেছেন তিনি। এখন ব্যস্ত আছেন একটি ওয়েব সিরিজ ও ওয়েব সিনেমা নির্মাণ প্রক্রিয়া নিয়ে। এরই মধ্যে দর্শক প্রত্যাশার কথা ভেবে ঈদ উপহার হিসেবে নির্মাণ করেছেন তখন যখন।

এদিকে প্রযোজক এসকে সাহেদ আলী পাপ্পু জানান, তখন যখন তাদের ঈদ আয়োজনের অন্যতম বিশেষ নির্মাণ। এটি প্রচার হবে সিএমভির ইউটিউব চ্যানেলে।