জার্মানদের বিরুদ্ধে বিজয় অর্জন করে রোমে ফিরেছেন গর্বিত সেনাপতি ম্যাক্সিমাস। রোমান সম্রাট মার্কাস অরিলিয়াস সাদরে বরণ করে নিলেন তাকে। ঘোষণা করলেন, তার পুত্র কমোডাস রাজ্য পরিচালনার উপযুক্ত নয়। তাই তার মৃত্যুর পর ম্যাক্সিমাসই হবে শাসক। এ ঘোষণা প্রতিহিংসাপরায়ণ করে তোলে কমোডাসকে। তিনি পিতাকে হত্যা করে সিংহাসনে বসেন এবং ম্যাক্সিমাসকে আনুগত্য প্রদর্শন করতে বলেন। ম্যাক্সিমাস প্রত্যাখ্যান করেন। আরো ক্ষীপ্ত হয়ে ওঠেন কমোডাস। শুরু হয় ম্যাক্সিমাস-কমোডাস দ্বৈরথ।
২০০০ সালে মুক্তি পাওয়া ব্লকবাস্টার সিনেমা গ্ল্যাডিয়েটরের গল্প এটি। মুক্তির পর এটি সারা বিশ্বের বক্স অফিসে ৪৬০ মিলিয়ন ডলারেরও বেশি ব্যবসা করেছিল। ১২টি ক্যাটাগরিতে অস্কার মনোনয়ন পেয়েছিল সিনেমাটি। এর মধ্যে বেস্ট পিকচারসহ পাঁচটি ক্যাটাগরিতে পুরস্কার জিতে নেয়। এরপর দীর্ঘ বিরতি। তবে নির্মাতা রিডলি স্কট সবসময়ই বলতেন যে তিনি পুনরায় কলোসিয়ামে ফিরবেন, গ্ল্যায়িডেটরের পরবর্তী পর্ব নির্মাণ করবেন। শিগগিরই শেষ হতে যাচ্ছে প্রতীক্ষার প্রহর। ২২ বছর পর এর সিকুয়াল নির্মাণের কাজ শুরু করেছেন তিনি।
সিনেমায় রোমান জেনারেল থেকে গ্ল্যাডিয়েটর হওয়া ম্যাক্সিমাসের চরিত্রে অভিনয় করেছিলেন রাসেল ক্রো। এটি ছিল তার ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট। এর জন্য তিনি সেরা অভিনেতা হিসেবে অস্কার লাভ করেন। পুরুষ অভিনেতাদের তালিকায় শীর্ষে পৌঁছে গিয়েছিল তার নাম। তাই স্কট যখন এর সিকুয়াল নির্মাণের ঘোষণা দিলেন, তখন স্বাভাবিকভাবেই অনেক অভিনেতা এতে অভিনয়ের জন্য তদবির শুরু করেছেন।
মুখ্য চরিত্রে অভিনয়ের জন্য স্কটের সঙ্গে আলোচনার হিড়িক পড়ে গেছে অভিনেতাদের মধ্যে। এদের অন্যতম পল মেসকাল। যদিও স্কট অন্য অভিনেতাদের সঙ্গেও আলোচনা চালিয়ে যাচ্ছেন, তবে হলিউড সংশ্লিষ্ট প্রভাবশালী পশ্চিমা গণমাধ্যমগুলো জানাচ্ছে, মুখ্য চরিত্রে মেসকালকে দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল। এর আগে অ্যামি অ্যাওয়ার্ডের জন্য মনোনয়নপ্রাপ্ত নরমাল পিপল সিনেমা দিয়ে নিজের অভিনয় যোগ্যতা প্রমাণ করেছেন তিনি। তাছাড়া এ চরিত্রে অভিনয় করার জন্য যে শারীরিক বৈশিষ্ট্য প্রয়োজন, সেদিক থেকেও পল অতুলনীয়। গ্ল্যাডিয়েটর চরিত্রে রাসেল ক্রো পেশি প্রদর্শন করেছিলেন। মেসকালকেও তেমন ভূমিকায় দেখা যাবে। তবে মেসকাল ক্রোর ম্যাক্সিমাসকে উপস্থাপন করবেন না। গ্ল্যাডিয়েটর সিনেমায়ই চরিত্রটির ইতি ঘটেছে। তিনি বরং লুসিয়াসের চরিত্রে অভিনয় করবেন, যিনি ম্যাক্সিমাসের প্রেমিকা লুসিলার পুত্র। যে এখন প্রাপ্তবয়স্ক পুরুষ।

সূত্র ও ছবি: ডেডলাইন