জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বিউটি সার্কাস’। চলতি বছরের মে মাসের শেষদিকে কোনো কাটাছেঁড়া ছাড়াই সেন্সর ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। তবে এখনো মুক্তির দেখা মেলেনি বিউটি সার্কাসের। সিনেমাটি প্রেক্ষাগৃহে আসা নিয়ে এখনো ধোঁয়াশা রেখেছেন নির্মাতা মাহমুদ দিদার আর সহপ্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম। সিনেমার মুক্তির জন্য তারিখ বরাদ্দ চেয়ে আবেদন করতে হয় চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতিতে। সেখানে খোঁজ নিয়ে জানা যায়, বিউটি সার্কাস সিনেমাটি ২৩ সেপ্টেম্বর মুক্তির জন্য তারিখ বরাদ্দ নিয়েছে। অর্থাৎ সব ঠিক থাকলে সিনেমাটি সেপ্টেম্বরের ২৩ তারিখে মুক্তি পাবে।

সম্প্রতি এ নিয়ে কথা বলেছেন মাহমুদ দিদার। তিনি জানান, ‘এটি একটি বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র। বাংলাদেশের আবহমান সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ সার্কাস শিল্পকে ঘিরে এক নারীর রোমাঞ্চকর লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত চলচ্চিত্রটি নানা চড়াই-উতরাই পেরিয়ে মুক্তির মিছিলে এসে দাঁড়িয়েছে। শিগগিরই সিনেমাটির মুক্তির দিনক্ষণ ঘোষণা করা হবে।’

বিউটি সার্কাসের টিম সম্প্রতি সিনেমাটির মুক্তি কবে এমন প্রশ্ন করে একটি প্রমোশনাল ভিডিও প্রকাশ করে সামাজিক যোগাযোগমাধ্যমে। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্র জয়া আহসান তার ফেসবুক পেজেও ভিডিওটি শেয়ার করেছেন।

সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা হলেও দীর্ঘ প্রস্তুতি ও অর্থ সংকট কাটিয়ে বিউটি সার্কাস নির্মাণ শুরু করেন নির্মাতা মাহমুদ দিদার। ২০১৭ সালের ৬ ফেব্রুয়ারি থেকে শুরু হয় বিউটি সার্কাসের শুটিং। ২০০ জন নির্মাণসঙ্গী নিয়ে প্রায় দুই হাজার গ্রামবাসীর অংশগ্রহণে চিত্রধারণের কাজ করা হয়েছে সিনেমাটির। দর্শকের কাছে সিনেমাটি আরো বাস্তবসম্মতভাবে উপস্থাপন করার জন্য সার্কাস প্যান্ডেল নির্মাণ ও গ্রাম্য মেলার আয়োজন করা হয়েছিল শুটিংয়ের সময়।

বিউটি সার্কাসে জয়া আহসানের বিপরীতে দেখা যাবে চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, তৌকীর আহমেদ ও এবিএম সুমনকে। এতে আরো অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, গাজী রাকায়েত, মনীষা, অর্চি প্রমুখ।