পশ্চিমবঙ্গের জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জির নতুন সিনেমায় নায়ক হচ্ছেন অনির্বাণ ভট্টাচার্য। বিষয়টি আগেই জানা গেলেও কয়েক দিন ধরেই গুঞ্জন চলছিল—কে হবেন অনির্বাণের নায়িকা? এবার জানা গেল সেই নায়িকার নাম। প্রথমবারের মতো অনির্বাণ ভট্টাচার্যের সঙ্গে জুটি বাঁধতে যাচ্ছেন পাওলি দাম। শ্রী চৈতন্যকে নিয়ে নতুন একটি সিনেমা করতে যাচ্ছেন সৃজিত। আগে থেকেই সিনেমার নামকরণ করা ছিল লহ গৌরাঙ্গের নাম রে। আর এ ছবিতে ‘মহাপ্রভু’র চরিত্রে অভিনয় করবেন পরমব্রত। এছাড়া সিনেমায় রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য। আর অনির্বাণের সঙ্গে প্রথমবার জুটি বাঁধতে চলেছেন পাওলি।

কয়েক দিন ধরে শিরোনামে রয়েছে সৃজিতের নতুন ছবি লহ গৌরাঙ্গের নাম রে। ওই সিনেমায় মহাপ্রভু হওয়ার প্রস্তাব দেয়া হয়েছিল যিশু সেনগুপ্তকে, আর তখন থেকেই ঘটনার সূত্রপাত। তিনি সিনেমাটি করতে অপারগতা প্রকাশ করে সরাসরি ‘না’ বলেন। এতে সৃজিত মুখার্জির সঙ্গে যিশুর সম্পর্কের চিড় ধরেছে বলে গুঞ্জন উঠে টালিপাড়ায়। জানা যায়, এ চরিত্রে শেষ পর্যন্ত অভিনয় করতে চলেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। মহাপ্রভুর সহধর্মিণী হবেন প্রিয়াংকা সরকার। সিনেমায় গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন অনির্বাণ ভট্টাচার্য। আর এই প্রথম অনির্বাণের সঙ্গে এক পর্দায় অভিনয় করবেন পাওলি দাম। জাতিস্মর সিনেমার পর রানা সরকারের প্রযোজনায় সিনেমা পরিচালনা করতে চলেছেন সৃজিত। পাওলি সম্পর্কে প্রযোজক জানান, ‘অত্যন্ত গুণী অভিনেত্রী। অনির্বাণের সঙ্গে প্রথমবার স্ক্রিন শেয়ার করবেন। নতুন জুটিকে ব্যবহার করতে চেয়েছি। ছবিতে অভিনবভাবে দেখানো হবে গৌরাঙ্গকে। সৃজিত মুখার্জির নিজস্ব শৈলী তো থাকবেই।’

বর্তমানে ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক মিতালি রাজের বায়োপিক নির্মাণ করছেন সৃজিত। শাবাশ মিঠু শিরোনামে হিন্দি সিনেমাটি পরিচালনা করছেন তিনি। এতে মিতালি রাজের ভূমিকায় অভিনয় করছেন তাপসী পান্নু। সে সিনেমার কাজেই আপাতত মুম্বাই অবস্থান করছেন সৃজিত। সঙ্গে নিয়েছেন মিথিলাকে।