নতুন একটি লাইফস্টাইল শো শুরু করেছে দীপ্ত টিভি। আজ থাকছে বিটস অ্যান্ড বাইটস নামে ভিন্নধর্মী এ শোর দ্বিতীয় পর্ব। এছাড়া প্রতি শুক্রবার সন্ধ্যা ৭টায় প্রচার হচ্ছে বিটস অ্যান্ড বাইটস। এ আয়োজনে প্রথমবারের মতো বাংলাদেশী কোনো অনুষ্ঠানের সঞ্চালনায় থাকছেন অস্ট্রেলিয়ান মাস্টারশেফ ফাইনালিস্ট কিশোয়ার চৌধুরী। এছাড়া আট পর্বের এ আয়োজনের প্রতি পর্বেই অতিথি হিসেবে থাকছেন দেশের ভিন্ন ভিন্ন খাতের জনপ্রিয় সব ব্যক্তিরা। থাকবেন করপোরেট টাইটান ফারুক হাসান ও তিথি হাসান দম্পত্তি, নারী উদ্যোক্তা রুবানা হক, ফ্যাশন ডিজাইনার হুমায়রা খান ও ইউল্যাব ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ইমরান রহমান দম্পত্তি, কথাসাহিত্যিক আনিসুল হক, ইন্টারনেট সেনসেশন রাফসান ও সোবিয়া আমিন, মিডিয়া ব্যক্তিত্ব সারা যাকের, ইরেশ যাকের ও আজমেরি হক বাঁধনের মতো অভিনয় শিল্পীরা। 

বিটস অ্যান্ড বাইটসের অতিথিদের প্রত্যেকেই নিজ ক্ষেত্রে সফল ও গুণী। আর তাদের সঙ্গে থাকবেন ঢাকা মেকার্সের তরুণ শিল্পীরাও। মোট কথা, আয়োজনটি হতে যাচ্ছে কিশোয়ারের কিচেনে প্রবীণ ও নবীনদের মেলবন্ধনে অন্য রকম একটি উৎসব। জীবনের নানা অজানা গল্প নানা রকমের অভিজ্ঞতা শেয়ারের মাধ্যমে এ আয়োজনে কেউ কেউ জীবনে প্রথমবারের মতো কিচেনের অভিজ্ঞতা নেবেন, আবার কেউ কেউ নিজেদের দক্ষতা দেখাবেন কিশোয়ারের মজার মজার সব রেসিপির সঙ্গে। 

একদমই আলাদা আঙ্গিকের এ অনুষ্ঠানে মাস্টারশেফ কিশোয়ারের জীবনের নানা অভিজ্ঞতা আর রেসিপি শেয়ারের সঙ্গে মিশে থাকবে অতিথিদের জীবনের মজার মজার সব অজানা গল্প। 

ওয়াহিদুল ইসলাম শুভ্রর প্রযোজনায় আজকের পর্বে থাকছেন মিডিয়া ব্যক্তিত্ব ঢাকা মেকার্সের তরুণ শিল্পীরা। অনুষ্ঠানটির গবেষণা ও স্ক্রিপ্ট তৈরি করেছেন ফাহমিদুর রহমান। এছাড়া চিত্রগ্রাহক হিসেবে ছিলেন টি ডব্লিউ সৈনিক।