আজ মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় শিল্পকলা একাডেমি পরীক্ষণ থিয়েটার হলে প্রাচ্যনাট আসছে ইউজিন ও 'নীল এর নাটক ‘বনমানুষ’-এর মঞ্চায়ন নিয়ে।  মূল নাটকটির শিরোনাম  দ্য হেয়ারি এপ। নাটকটির নির্দেশনা দিয়েছেন বাকার বকুল, ধ্বনি-রিফাত আহমেদ নোবেল,  কোরিওগ্রাফিতে পারভিন সুলতানা কলি, মঞ্চ ও আলো ব্যবস্থাপনায় থাকছেন এ. বি. এস জেম।

ইউজিন ও 'নীল দ্য হেয়ারি এপ নাটকের মধ্য দিয়ে আঘাত করেছিলেন পুঁজিবাদকে।  নিউইয়র্ক থেকে যাত্রা করা একটি জাহাজকে কেন্দ্র করে এ নাটক। জাহাজের খোলের ভেতর দাঁড়িয়ে ইঞ্জিনের চুল্লিতে কয়লা ভরতে থাকা কয়েকজন মানুষের গল্প। 

নির্দেশক বাকার বকুল বলেন, ‍নাটকটির নির্দেশনার কাজ করতে গিয়ে সব সময় আমার কাছে মনে হয়েছে এ জাহাজটা যেন জাহাজ নয় একটি পৃথিবী। যে পৃথিবীতে শ্রেণী বৈষম্য বেড়েই চলেছে এবং এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে দিনমজুর মানুষগুলোকে উপরতলার মানুষেরা অসভ্য জানোয়ার বলে মনে করছে।  এই নাটকের মূল চরিত্র ইয়াংকের তীব্র বেদনা বোধ ও ক্ষোভের মধ্য দিয়ে পৃথিবীর লাঞ্ছিত নিপীড়ত মানুষের আর্ত হাহাকার ও ক্ষোভ ফুসে উঠেছে।

‘বনমানুষ’ নাটকে দেখা যায় জাহাজের খোলের ভেতর দাঁড়িয়ে ইঞ্জিনের চুল্লিতে কয়লা ভরে কয়েক জন শ্রমিক। তাদেরই অন্যতম হচ্ছে ইয়াংক। দেখতে প্রায় বনমানুষের মতো, কালিঝুলি মাখা অবস্থায় তাকে আরো বন্য মনে হয়। মিলড্রেড ডগলাস, পুঁজিপতির আদুরের কন্যা, যে পুঁজিপতি আবার এ জাহাজের পরিচালক মন্ডলীর অন্যতম। ডগলাস এ জাহাজের যাত্রী। সে একবার জাহাজের খোলো নেমে ইয়াংককে দেখে ভয়ে চিৎকার দেয়। ইয়াংক যখন বুঝতে পারে যে তাকে উপলক্ষ করেই এই চিৎকার, তখন তীব্র একটা ঘৃণাবোধ জন্ম নেয় তার মধ্যে।  জাহাজ বন্দরে ভিড়লে সে শহরে ঘুরতে বের হয় তার এক সঙ্গীকে নিয়ে। শহরের জৌলুস ও উচ্চবিত্তের জাঁকজমক তাকে ক্ষিপ্ত করে তোলে। নানারকম পাগলামি প্রকাশ পায় তার মধ্যে। শেষে সে জেলে পাঠানো হয়। জেল থেকে পালিয়ে সে সরাসরি চিড়িয়াখানায় বনমানুষের খাঁচার কাছে গিয়ে জন্তুটাকে ডাক দেয়। তার নিজের সাথে হাত মেলানোর জন্য। শেষে বনমানুষের আক্রমনে নিহত হয় সে।

উল্লেখ্য আজ প্রদর্শনীর আগে হল কাউন্টারে টিকেট পাওয়া যাবে।