ছোট পর্দায় নিয়মিত দেখা যায় তৌসিফ মাহবুবকে। বছরজুড়েই নাটক নিয়ে ব্যস্ত থাকেন এ অভিনেতা। আর যেকোনো উৎসব এলে শুটিং সেটেই বেশি সময় যায় তৌসিফের। অন্যদিকে বর্তমানে ব্যস্ত সময় পার করছেন সাদিয়া আয়মান। জনপ্রিয় নাট্যনির্মাতা মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় তৌসিফ মাহবুব ও সাদিয়া আয়মান একসঙ্গে ‘ফুলের নামে নাম’ নাটকে অভিনয় করে দর্শককে মুগ্ধ করেছিলেন। এরপর তারা একসঙ্গে একাধিক নাটকে অভিনয় করেছেন, যার বেশির ভাগই দর্শকের ভালোবাসা পেয়েছে। নতুন খবর হলো আবারো তারা একসঙ্গে অভিনয় করেছেন কম্প্রোমাইজ নামের একটি নাটকে।
নাটকটি রচনা ও পরিচালনা করেছেন সাজ্জাদ হোসেইন বাপ্পী। এরই মধ্যে ‘সিনেমাওয়ালা’ ইউটিউব চ্যানেলে নাটকটি প্রচার শুরু হওয়ার পর থেকেই দর্শকের প্রশংসা পাচ্ছেন তারা। নাটকে অভিনয় প্রসঙ্গে তৌসিফ মাহবুব বলেন, ‘এর আগেও সাদিয়া আয়মানের সঙ্গে বেশ কয়েকটি নাটকে অভিনয় করা হয়েছে। বলা যায়, সবক’টি নাটকের জন্যই বেশ ভালো সাড়া পেয়েছি। নাটকটি কিছুদিন আগের করা। এরই মধ্যে ইউটিউবে এটি প্রকাশ হয়েছে। বেশ ভালো সাড়া পাচ্ছি নতুন এ কাজের জন্য। সামনে আরো বেশকিছু ভালো কাজ হবে। আশা করি, দর্শকের ভালোবাসা পাব।’
তৌসিফ ও সাদিয়ার জনপ্রিয় নাটকগুলোর মধ্যে রয়েছে ‘এমন একটা তুমি চাই’, ‘কষ্টের নাম মায়া’, ‘চিঠি’। আর এবার নতুন নাটকটি প্রসঙ্গে জানতে চাইলে সাদিয়া আয়মান বলেন, ‘কম্প্রোমাইজ নাটকে দর্শকের সাড়া পাচ্ছি। দর্শকের এ ভালোবাসা অভিনয়ের প্রতি ভালোবাসা বাড়িয়ে দেয় প্রতিবার।’ নাটকটি নিয়ে দর্শকের ইতিবাচক মনোভাব তাকে অনুপ্রেরণা দিচ্ছে বলে জানান এ অভিনেত্রী। অন্যদিকে সম্প্রতি সাদিয়া আয়মান ওয়েব কনটেন্ট ‘কলিংবেল’-এ অভিনয় করেছেন। এটি নির্মাণ করেছেন আবিদ মল্লিক। এতে অভিনয়ের জন্যও দারুণ সাড়া পাচ্ছেন বলে জানান সাদিয়া আয়মান। সামনে আরো ভালো কাজ নিয়ে আসার কথা বলেন তিনি।










