নিয়মিত বড় পর্দায় দেখা যায় তাদের। সময়ের সঙ্গে বাড়ছে ওটিটির গ্রহণযোগ্যতা। বর্তমান সময়ে বড় পর্দার অনেক তারকাই ওটিটি প্লাটফর্মে অভিনয় করছেন। সে পথেই হাঁটলেন ডিপজল ও মিশা। এবার একটু ভিন্নভাবে জনপ্রিয় এ দুই তারকাকে এক করেছে ওয়েব সিরিজ ‘কাবাডি’। সিরিজটির ট্রেলার ও পোস্টার প্রকাশ হতেই দর্শকের আগ্রহ শুরু হয়। এটি নির্মাণ করেছেন দেশের জনপ্রিয় বিজ্ঞাপন নির্মাতা রুবায়েত মাহমুদ। এটি তার প্রথম ওয়েব সিরিজ।
নির্মাতা রুবায়েত জানান, ‘সিরিজটি কমেডি থ্রিলার ঘরানার, চার বন্ধুর পাগলামি ও একটি ভিডিও ফুটেজের রহস্য নিয়ে নির্মিত। এর সঙ্গে জড়িয়ে আছে ১০ কোটি টাকার এক অজানা সম্পর্ক। দর্শকরা বেশ মজা পাবেন। আর গল্পে টুইস্ট রাখতেই চলচ্চিত্রের দুই জাতশিল্পী ডিপজল ও মিশা সওদাগরকে রেখেছি। তারা দুজন এক কথায় দুর্দান্ত। দর্শকও এ নিয়ে ইতিবাচক সাড়া দিচ্ছে।’
গতকাল ওটিটি প্লাটফর্ম বায়োস্কোপে মুক্তি পেয়েছে ওয়েব সিরিজটি। দুই যুগেরও বেশি সময় ধরে বড় পর্দায় খল চরিত্রে অভিনয় করছেন ডিপজল ও মিশা সওদাগর। সবসময়ই তারা পর্দায় দর্শকের নজর কেড়েছেন। এ সিরিজেও তার ব্যতিক্রম হয়নি। ডিপজল আর মিশার লুক আর অভিনয়ের প্রশংসা করেছেন অনেক দর্শক।
এতে আরো অভিনয় করেছেন সাঈদ জামান শাওন, তামিম মৃধা, খায়রুল বাসার, সাফিন আহমেদ, সাদিয়া আয়মান, মিলন ভট্টাচার্য, শরাফ আহমেদ জীবন, ডানা ভাই, মোরশেদ মিশু প্রমুখ। কাবাডির গল্প লিখেছেন তামজিদ রহমান। কিছুদিন আগে মুক্তি পেয়েছে সিরিজটির টাইটেল গান ‘লাইফের নাই কোনো জীবন’। গানটি লিখেছেন রাজিব আশরাফ, সুর করেছেন জাহিদ নীরব, কণ্ঠ দিয়েছেন পান্থ কানাই। এরই মাঝে গানটি পেয়েছে শ্রোতাপ্রিয়তা।










