বাংলাদেশের নির্মাতা সঞ্জয় সমাদ্দার। নাটক ও টেলিছবি পরিচালনায় এক দশক পার করেছেন তিনি। এবার তার নতুন যাত্রা হয়েছে বড় পর্দায়। তার পরিচালিত প্রথম সিনেমা মুক্তি পেয়েছে ২৪ নভেম্বর। সিনেমার নাম ‘‌মানুষ’। নির্মাতার এ যাত্রা হয়েছে কলকাতা থেকে। কলকাতার দুই শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সঞ্জয় সমাদ্দার পরিচালিত প্রথম সিনেমাটি। তার এ সিনেমার প্রথম পথচলার সঙ্গী হয়েছেন কলকাতার জনপ্রিয় নায়ক জিৎ। সিনেমার বিশেষ চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মিম। সিনেমাটি মুক্তির পর থেকেই প্রশংসা পাচ্ছেন নির্মাতা। তার সিনেমাটি দর্শক ভালোভাবেই গ্রহণ করেছে। 

বর্তমানে ঢাকায় এসে নির্মাতা জানান, দুই শতাধিক সিনেমা হলে এটি মুক্তির পরই দর্শকের আগ্রহ তৈরি হয়। এর মধ্যে বাংলা ভাষায় ১১৮টি প্রেক্ষাগৃহ ও হিন্দি ভাষায় ১৩০টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। পরিচালক হিসেবে বড় পর্দায় যাত্রা নিয়ে নির্মাতা সঞ্জয় সমাদ্দার জানান, একজন নির্মাতার জন্য প্রথম সিনেমার মুক্তি অনেক বেশি আনন্দের। সিনেমা হলে দর্শকের মনোভাব তাকে অনুপ্রেরণা জুগিয়েছে বলে জানান তিনি। সিনেমাটি দর্শকের সঙ্গে বসে দেখেছেন মানুষের টিম। এ সময়ের অভিজ্ঞতা নিয়ে নির্মাতা বলেন যে ‘দর্শকের কাছ থেকে আমরা অভূতপূর্ব সাড়া পেয়েছি। যারাই সিনেমাটি দেখেছেন, তারাই ইতিবাচক কথা বলেছেন।’

জিৎ অভিনীত ‌মানুষ মুক্তির আগেই প্রচারণায় ব্যস্ত সময় কাটিয়েছে সিনেমার কলাকুশলীরা। তাই মুক্তিকে কেন্দ্র করে প্রচারণার মাত্রা বাড়িয়েছেন তারা। সিনেমার কলাকুশলী ও নির্মাতা এখন প্রেক্ষাগৃহে গিয়ে প্রচারণায় ব্যস্ত। যদিও মানুষ মুক্তির মুহূর্তে কলকাতায় যেতে পারেননি মিম। তবে কলকাতার দর্শকের কাছ থেকে বেশ সাড়া পাচ্ছেন বলে জানান তিনি। এ সিনেমায় মন্দিরা চরিত্রে অভিনয় করেছেন মিম। সঞ্জয় সমাদ্দারের সঙ্গে প্রথম সিনেমায় অভিনয় প্রসঙ্গে জানতে চাইলে বিদ্যা সিনহা মিম বলেন, ‘সঞ্জয় সমাদ্দার দাদা বাংলাদেশে অনেক ভালো গল্পের নাটক নির্মাণ করে বেশ প্রশংসা কুড়িয়েছেন। তিনি নির্মাণে মেধার স্বাক্ষর রেখে অ্যাওয়ার্ডও পেয়েছেন। তার নির্মিত মানুষ কলকাতার দর্শকের মধ্যে সাড়া ফেলেছে। এটা আমাদের জন্য সত্যিই গর্ব করার মতো।’

মিমের টলিউডে যাত্রা ‘ব্ল্যাক’ সিনেমাটি দিয়ে ২০১৫ সালে। এরপর টালিউডের আরো কয়েকটি সিনেমায় অভিনয় করেন তিনি। মানুষ সিনেমার আগেই ২০১৮ সালে ‘‌সুলতান’ সিনেমায় জিতের বিপরীতে অভিনয় করেছিলেন মিম। এটি জিতের সঙ্গে তার দ্বিতীয় সিনেমা। কলকাতায় গিয়ে সিনেমাটি না দেখতে পারলেও নিয়মিত সিনেমাটির বিষয়ে খবর রাখছেন বলে জানান এ অভিনেত্রী। দর্শক প্রসঙ্গে আসতেই মিম বলেন, ‘‌গত কয়েকদিনের মধ্যে গতকাল সিনেমাটির দর্শক বেড়েছে। আমার বিশ্বাস সময়ের সঙ্গে দর্শকের সংখ্যা আরো বাড়বে। কারণ এ সিনেমার গল্প ও আমাদের সবার অভিনয়ই দর্শককে মুগ্ধ করার মতো। এটা সত্যি, এ সিনেমায় অভিনয়ের জন্য আমি অনেক শ্রম দিয়েছি, কষ্ট করেছি। যার ফল পাচ্ছি আমি। আশা করছি, সপ্তাহজুড়েই দর্শক মানুষ দেখে মুগ্ধ হবে। একজন শিল্পী হিসেবে এখানেই আমার তৃপ্তি।’

অন্যদিকে সঞ্জয় সমাদ্দারের প্রথম পরিচালিত সিনেমা মানুষ হলেও এ নির্মাতা এর আগে নাটক ও ওটিটি কনটেন্ট নির্মাণ করে দর্শকমহলে প্রশংসা কুড়িয়েছেন। দেশের সীমা ছাড়িয়ে কলকাতায় পরিচালনার অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার কলকাতার সিনেমার সঙ্গে যুক্ত হওয়ার সূচনা মানুষ সিনেমার গল্প থেকে হয়েছিল। মানুষ সিনেমার গল্পটা অসম্ভব সুন্দর। জিতদা গল্পটা শুনেই পছন্দ করেন। আমার আগের কাজ খেয়াল করলে দর্শক দেখবে সংলাপ আমার স্ট্রং জোন। মানুষ সিনেমার ক্ষেত্রেও এর ব্যতিক্রম করিনি। অবশেষে কাজটা হলো। আর এখন সিনেমা মুক্তি পেল। সব মিলিয়ে নতুন এ সফর আমাকে আনন্দ দিয়েছে।’

গত বছরের শেষে সিনেমাটির মহরত হয়েছিল। সে সময় জানা গিয়েছিল, এটি নির্মাণ করবেন বাংলাদেশের সঞ্জয় সমাদ্দার। চলতি বছরের শেষ দিকে এর ফাস্ট লুক ও ট্রেলার আসতেই আলোচনায় আসেন তিনি। আর এবার সিনেমাটি মুক্তির পর নতুন করে দুই বাংলায় আলোচিত সঞ্জয় সমাদ্দার। এরই মধ্যে নির্মাতা তার পরবর্তী সিনেমা নিয়ে ইঙ্গিত দিয়েছেন। এবার তার পরবর্তী প্রজেক্ট দেখার অপেক্ষা।