ভারতের দক্ষিণী সিনেমার পরিচালক হিসেবে এসএস রাজামৌলি এক দর্শকপ্রিয় নাম। তার পরিচালিত সিনেমাগুলোর মধ্যে ‘বাহুবলী’ সিরিজ অন্যতম। ২০১৭ সালে ‘বাহুবলী: দ্য কনক্লুশন’ মুক্তির পরই সিনেমাপ্রেমীদের অপেক্ষা শুরু হয় এর পরের পর্ব নিয়ে। অপেক্ষার পালা শেষে ‘বাহুবলী: ক্রাউন অব ব্লাড’ নামে অ্যানিমেটেড সিরিজ মুক্তি পাচ্ছে চলতি মাসেই। সম্প্রতি এ নিয়েই নানা কথা হচ্ছে। সিরিজটি নিয়ে কথা বলতে গিয়ে রাজামৌলি জানালেন, সিনেমা মুক্তির পর এর প্রচারণার জন্য তেমন কোনো খরচই করেননি।
যেকোনো সিনেমার প্রচারণায় সবসময়ই বেশ বড় অংকের একটি বাজেট রাখা হয়। কারণ ধারণা করা হয়, যত বেশি প্রচারণা হবে সিনেমা তত বেশি ব্যবসা সফল হওয়ার সম্ভবনা রয়েছে।
রাজামৌলি জানিয়েছেন, বাহুবলীর প্রচারণা এমনভাবে পরিকল্পনা করা হয়েছিল যেন সিনেমার বাজেটের সমস্ত অর্থ প্রচারের পরিবর্তে ছবিটি নির্মাণেই ব্যয় করা হয়। তিনি বলেন, ‘প্রথম কথা হলো আমি নিজেকে অনেক বড় মনে করি না। আবার নিজেকে ছোটও মনে করি না। আমার সিনেমা যখন মুক্তি পায়, সবাই এর জন্য অপেক্ষা করবে, আমি এমন মনে করি না। একই সঙ্গে, আমি সর্বদা নতুন দর্শকের সন্ধান করার চেষ্টা করি। কীভাবে আমি দর্শকদের কাছে আসতে পারি, কীভাবে আমি তাদের আরো কিছু দিতে পারি এগুলোই আমার ভাবনা হিসেবে কাজ করে।’
সিনেমার প্রচারণায় অর্থ ব্যয় না করার জন্য নির্মাতা ও তার দল কীভাবে অনেক পরিকল্পনা করেছিলেন সে বিষয়েও কথা বলেছেন তিনি। রাজামৌলি বলেন, ‘যখন আমরা বলেছি, আমরা বাহুবলী প্রচারে শূন্য বাজেট বলেছি, তার মানে হ্যাঁ, আমরা তাই করেছি। আমরা কোনো স্থানে বিশেষ প্রচারণা করিনি। পোস্টার বা এ জাতীয় কিছু দেয়ার জন্য অনেকগুলো ভিডিও তৈরি করেছি। বিষয়টি এমন যে আমরা অনেক বুদ্ধি ও সময় দিলেও টাকা খরচ করিনি।’"
দুটি সিনেমার পর আসছে সিরিজ। এ নিয়ে তিনি বলেন, ‘প্রতিটি ফিল্ম আলাদা। প্রতিটি পণ্য আলাদা। আমাদের বাজার নির্দিষ্ট, কেবল পণ্য থেকে পণ্যের ওপর নির্ভর করে এর বাজারজাত। তেমনি আমাদের ভিত্তি হলো ক্রমাগত নতুন দর্শক ও তাদের সিনেমার প্রতি আগ্রহী করে তোলার চেষ্টা করা।’ ১৭ মে ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেতে চলেছে বাহুবলী: ক্রাউন অব ব্লাড।
সূত্র: দি ইন্ডিয়ান এক্সপ্রেস










