মার্ভেলের চরম ভোগান্তির কারণ হয়েই গেলেন জোনাথন মেজর্স। সাবেক প্রেমিকার করা মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন এ অভিনেতা। ১৮ ডিসেম্বর আদালতে সে অভিযোগ প্রমাণিত হলে মার্ভেল ঘোষণা দিয়েছেন তারা আর মেজর্সের সঙ্গে কাজ করবেন না। মার্ভেলের এক মুখপাত্রের তরফ থেকে ভ্যারাইটিকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। পাশাপাশি অবশ্য মার্ভেল জানিয়েছে, তারা মেজর্সকে বাদ দিলেও মাল্টিভার্সে ক্যাংয়ের গল্প থেকে সরছে না। মেজর্সের বদলে অন্য কোনো অভিনেতাকে তারা ক্যাং চরিত্রে কাস্ট করবে।
মেজর্সের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ ও মামলা ছিল। এ বছর ২৫ মার্চ গ্রেফতার হয়েছিলেন জোনাথন। তার প্রাক্তন প্রেমিকা জাবারির অভিযোগ ছিল একটি গাড়ির পেছনের আসনে তার সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে শারীরিকভাবে আঘাত করেন। এতে তার মধ্যমা ও কান ক্ষতিগ্রস্ত হয়।
মামলা চলাকালীন ম্যানহাটানের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি কয়েকটি মেসেজের মধ্যে এর সত্যতা খুঁজে পান। এর মধ্যে কয়েকটি মেসেজে তিনি নিজেকে ওবামার মতো ‘মহান মানুষ’ বলে দাবি করেন এবং জাবারিকে তার শারীরিক আঘাত নিয়ে হাসপাতালে যেতেও নিষেধ করেন। এসব প্রমাণের ভিত্তিতে আদালত তাকে দোষী সাব্যস্ত করে।
গ্রেফতার হওয়ার সময় থেকেই মেজর্সকে বর্জন করেছে একাধিক প্রতিষ্ঠান। তার ম্যানেজিং প্রতিষ্ঠান এন্টারটেইনমেন্ট থ্রি সিক্সটি, পাবলিসিটি ফার্ম লিজ কোম্পানিও তার সঙ্গে অসহযোগিতা করেছে। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর বিজ্ঞাপন থেকেও বাদ পড়েছেন মেজর্স। রাখা হচ্ছে না ‘দ্য ম্যান ইন মাই বেজমেন্ট’ সিনেমায়ও। সর্বশেষ, গতকাল মার্ভেল থেকেও বাদ পড়লেন জোনাথন মেজর্স।
মার্ভেল তাদের নতুন পরিকল্পনা সাজিয়েছিল ক্যাংকে অন্যতম মূল চরিত্র ধরে। আর সেখানে চরিত্রটিকে রূপ দিয়েছিলেন মেজর্স। অ্যান্ট ম্যান কোয়ান্টোমেনিয়ায় তিনি অভিনয় করেছিলেন ক্যাং চরিত্রে। কিন্তু তার চেয়েও বেশি প্রভাব রেখেছেন এ বছর আসা লোকি সিরিজের মধ্য দিয়ে। সেখানে তিনি ক্যাং চরিত্রের একাধিক ভ্যারিয়েন্ট হিসেবে অভিনয় করেছেন। মূলত এ সিরিজই ক্যাংকে প্রতিষ্ঠা করেছে মাল্টিভার্সে। মার্ভেলের পরবর্তী আরো অনেক সিনেমা ও বিশেষত ক্যাং ডাইন্যাস্টিতে তারই থাকার কথা মূল ফোকাসে। কিন্তু তাকে বাদ দিতেই হচ্ছে।
মেজর্সের বিষয়টি নিয়ে আগে থেকেই চিন্তিত ছিল মার্ভেল। ভ্যারাইটি জানাচ্ছে মার্ভেল এরই মধ্যে কয়েক দফা বৈঠক করেছে এ নিয়ে। কেভিন ফিজ নতুন করে তৈরি করতে চাচ্ছেন ক্যাং ডাইন্যাস্টির গল্প। লোকিতে মেজর্স যেভাবে প্রতিষ্ঠিত হয়েছেন ক্যাং হিসেবে, এখন তাকে বাদ দেয়ার ফলে মার্ভেলের চলমান গল্পস্রোত ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু মার্ভেল তাকে সরিয়ে অন্য অভিনেতাকে নেয়াই সঠিক মনে করছে। আগামী বছরের শুরুর দিকেই শুরু হবে দ্য ক্যাং ডাইন্যাস্টির শুটিং। এর আগেই অভিনেতা খুঁজে বের করতে চাইছে মার্ভেল।
তবে কেবল মার্ভেলই নয়। ক্ষতির মুখে পড়বে আরো কিছু সিনেমা। এর মধ্যে আছে ক্রিড থ্রি। ক্রিড সিরিজের প্রথম দুটি সিনেমা দর্শকপ্রিয়তা পেয়েছে। মাইকেল জর্ডান এরই মধ্যে তৃতীয় সিনেমাটির প্রি-প্রডাকশনের কাজ শুরু করেছেন। এর মধ্যে মেজর্সের মামলার রায় থেকে মনে হচ্ছে ক্রিড থেকেও বাদ পড়বেন তিনি।
সূত্র ও ছবি: ভ্যারাইটি










