২০০ কোটি রুপি চাঁদাবাজির মামলায় বলিউড অভিনেত্রী নোরা ফাতেহিকে চার ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছে দিল্লি পুলিশের অর্থনৈতিক অপরাধ শাখা (ইওডব্লিউ)। দিল্লির মন্দির মার্গে ইওডব্লিউর অফিসে শুক্রবার এ অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়। খবর এনডিটিভি।
দিল্লি পুলিশের বিশেষ পুলিশ কমিশনার (ক্রাইম) রবীন্দ্র সিং যাদব বলেছেন, সুকেশ চন্দ্রশেখর প্রতারণার অর্থ থেকে বলিউডের অনেক অভিনেত্রীকে উপহার ও অন্যান্য সামগ্রী দিয়েছেন। আমরা বিষয়টি তদন্ত করছি। এ কারণে নোরা ফাতেহিকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছিল। তিনি অভিযুক্ত নাকি সাক্ষী তা তদন্তের পর সিদ্ধান্ত নেয়া হবে। এ তদন্তে আরো দুই-তিনজন বলিউড অভিনেত্রীর নাম উঠে এসেছে। আমরা জ্যাকুলিন ফার্নান্দেজকেও জিজ্ঞাসাবাদ করব।
নোরা ফাতেহিকে বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি উপহার দিয়েছে সুকেশ এমন অভিযোগে জিজ্ঞাসাবাদ করেছে তদন্তকারী সংস্থা। এছাড়া বিলাসবহুল ব্যাগের মতো দামি উপহারের আদান-প্রদান ছিল কিনা তাও জিজ্ঞাস করা হয়েছে এ অভিনেত্রীকে। তবে এসব বিষয় অস্বীকার করে নোরা বলেছেন, তাকে একটি ইভেন্টে প্রধান অতিথি করা হয়েছিল। সে ইভেন্টে প্রকাশ্যে একটি গুচি ব্যাগ এবং একটি আইফোন ১২ উপহার দেয়া হয়েছিল।
এদিকে সুকেশ চন্দ্রশেখর বলেছেন, তিনি নোরা ফাতেহিকে চারটি ব্যাগ ও কিছু টাকা উপহার দিয়েছিলেন। যেটি নোরা নিজেই বেছে নিয়েছিলেন। মুম্বাইয়ের একটি মল থেকে নোরা ফাতেহির কর্মীরা ব্যাগগুলো নিয়ে যায়।
এর আগে অর্থ পাচারের সন্দেহে সুকেশ চন্দশেখর এবং নোরা ফাতেহিকে একসাথে জিজ্ঞাসাবাদ করেছিল দেশটির অর্থনৈতিক তদন্তে গঠিত গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।
এদিকে একই মামলায় একাধিকবার ইডির জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। শুধু তা-ই নয়, তাকে অভিযুক্ত করে আগস্টে সম্পূরক চার্জশিট দিয়েছে সংস্থাটি। চার্জশিটটি আমলে নিয়ে ২৬ সেপ্টেম্বর জ্যাকলিনকে তলব করেছে দিল্লির পাতিয়ালা আদালত।










