গার্ল গ্রুপ ব্ল্যাকপিংক নতুনভাবে হাজির হয়েছে বড়দিনে। ভ্যারাইটি তাদের বলছে কুইনস অব ক্রিসমাস। কেননা এ উৎসবের মৌসুমে তারা তিনটি নতুন কাজের ঘোষণা দিল। এর মধ্যে গ্রুপের লিসা নিয়ে আসছেন ব্রিটনি স্পিয়ার্সের ‘মাই ওনলি উইশ’-এর কভার। এছাড়া বড়দিনের পর তারা করলেন একটি রিয়েলিটি কনসার্ট শোকেস। ভার্চুয়াল কনসার্টটির নাম ‘ব্ল্যাকপিংক: আ ভিআর এনকোর’। এটি গতকাল স্ট্রিম হয়েছে।

তৃতীয় ঘোষণাটিই সম্ভবত সবচেয়ে বড় বিষয়। এটি এসেছে ব্যান্ডের সদস্য জেনির তরফ থেকে। তিনি জানিয়েছেন, নিজের একটি লেবেল ও কোম্পানি শুরু করবেন। কাজটি শুরু হবে আগামী বছরের শুরুতে। এ ঘোষণা জেনি সরাসরি তার ভক্তদের উদ্দেশে দিয়েছেন।

ব্ল্যাকপিংকের সদস্যদের মধ্যে লিসা র‌্যাপার ও ডান্সার হিসেবে জনপ্রিয়। সে কারণে ব্রিটনি স্পিয়ার্সের গানের কভার করার মাধ্যমে গায়িকা হিসেবে অভিষেক হচ্ছে লিসার। লিসা তার ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আমার বন্ধুদের জন্য এটা বড়দিনের উপহার। সবাইকে একটি সুন্দর ছুটির শুভকামনা জানাই।’ এ ঘোষণার পরপর তিনি নিজের ইউটিউবে গানটি আপলোড করেন। এটি প্যারিসে শুট করা।

কভারটি সারপ্রাইজ হিসেবেই এনেছেন লিসা। ব্রিটনির অরিজিনাল গানটি ২০০০ সালে জিভ রেকর্ডসের মাধ্যমে এসেছিল। গানটি ব্রিটনির অন্যতম সেরা হিসেবে অনেকের কাছেই প্রিয়। লিসা তার প্রথম সলো কাজটি করেন ২০২১ সালে একটি নন-এলপি সিঙ্গেল দিয়ে। তবে তার সঙ্গে সহযোগিতায় ছিলেন ডিজে স্নেক, ওযুনা ও মেগান থি স্ট্যালিয়ন। 

এছাড়া ব্ল্যাকপিংককে এর ভক্তরা একটি কনসার্টে একত্রে দেখতে চেয়েছে বারবার। ভক্তদের সে চাওয়া পূরণ করতেই ভার্চুয়াল এ কনসার্টের আয়োজন করেছে ব্যান্ডটি। এর মধ্য দিয়ে তারা গতকাল সন্ধ্যায় একটি আয়োজনে আসে এবং কনসার্টের আয়োজন করে।

কে-পপের এ গার্ল গ্রুপ গত কয়েক বছর জনপ্রিয়তার শীর্ষে আছে। রীতিমতো বিটিএসের সমান্তরালেই তাদের জনপ্রিয়তা। তাদের এ নতুন আয়োজনও ভক্তদের কাছে সমর্থন ও জনপ্রিয়তা পেয়েছে।

এদিকে জেনি গানের পাশাপাশি অভিনয়ও করেন। তিনি তার কাজকে নতুন যাত্রা ও মাত্রায় নিতে চাচ্ছেন। এরই অংশ হিসেবে জেনি শুরু করছেন তার নতুন লেবেল ও কোম্পানি। গত অক্টোবরে তিনি নিজের নতুন গান প্রকাশ করেছিলেন। এবার কোম্পানির মাধ্যমে তিনি চেষ্টা করছেন নতুন ধারার নানা পণ্য নিয়ে আসতে।

কোরিয়ান ব্যান্ড কে-পপের এ গার্ল গ্রুপ তাদের প্রভাব এরই মধ্যে দেখিয়েছে। ২০২৪ থেকে নতুন আরো কিছু আয়োজন নিয়ে তারা আসবে এমনই সবার ধারণা।

সূত্র: ভ্যারাইটি