বন্যপ্রাণী সংরক্ষণ ও নিয়ন্ত্রণ আইনে ‘হাওয়া’ সিনেমার বিরুদ্ধে মামলা করা হয়েছে। এমনকি সিনেমাটির প্রদর্শনী বন্ধ করার জন্য দেয়া হয়েছে আইনি নোটিস। সাড়ে তিন বছরেও মুক্তির আলো দেখেনি মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালিত ‘শনিবার বিকেল’ সিনেমার। হাওয়ার বিরুদ্ধে মামলা আর সেন্সর আপিল বোর্ডে আটকে থাকা শনিবার বিকেল নিয়ে প্রতিবাদ সম্মেলন করেছেন নির্মাতা, শিল্পী-কলাকুশলীরা।

বেশ কিছুদিন ধরে সিনেমা দুটি নিয়ে সরব ছিলেন তারা। এ নিয়ে গতকাল সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘গল্প বলার স্বাধীনতা চাই’ শীর্ষক সংবাদ সম্মেলনের আয়োজন করেন নির্মাতা, শিল্পী ও কলাকুশলীরা। এ সংবাদ সম্মেলনে তারা পাঁচ দাবি তুলে ধরেছেন। প্রতিবাদ হিসেবে তারা নিজেদের সামনে কাঁটাতারের বেড়া রেখেছিলেন।

গতকাল বেলা সাড়ে ১১টা নাগাদ শুরু হয় এ আয়োজন। এতে উপস্থিত ছিলেন মোস্তফা সরয়ার ফারুকী, তারিক আনাম খান, মেজবাউর রহমান সুমন, নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, মোরশেদুল ইসলাম, চঞ্চল চৌধুরী, গাউসুল আলম শাওন, শম্পা রেজা, আফসানা মিমি, জয়া আহসান, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, নুরুল আলম আতিক, অমিতাভ রেজা চৌধুরী, বিধান রিবেরু, তানিম নূর, গিয়াস উদ্দিন সেলিম, স্বকৃত নোমান, আদনান আল রাজিব, আফরান নিশোসহ তরুণ নির্মাতা ও কলাকুশলীরা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোস্তফা সরয়ার ফারুকী, মেজবাউর রহমান সুমন, জাহিদ হাসান, জয়া আহসান, তারিক আনাম খানসহ অন্যরা।

সংবাদ সম্মেলনে নির্মাতা, শিল্পী ও কলাকুশলীদের উত্থাপিত দাবিগুলো হলো ১. ‘হাওয়া’ চলচ্চিত্রের বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে করা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

২. ‘শনিবার বিকেল’ চলচ্চিত্র কেন সেন্সর ছাড়পত্র পেল না তার সুস্পষ্ট ব্যাখ্যা।

৩. বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড বাতিল করতে হবে এবং প্রস্তাবিত চলচ্চিত্র সার্টিফিকেশন আইনের ক্ষেত্রে সব অংশীজনের সঙ্গে আলোচনা সাপেক্ষে একটি আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক চলচ্চিত্র সার্টিফিকেশন আইন প্রণয়ন করতে হবে।

৪. প্রস্তাবিত ওটিটি নীতিমালার ক্ষেত্রে সব অংশীজনের সঙ্গে আলোচনা সাপেক্ষে একটি আধুনিক ও অন্তর্ভুক্তিমূলক ওটিটি নীতিমালা প্রণয়ন করতে হবে।

৫. চলচ্চিত্র বা কনটেন্ট-বিষয়ক কোনো মামলা করার আগে অবশ্যই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের (যেমন: খসড়া ওটিটি নীতিমালায় প্লাটফর্মগুলোয় আলাদা কমিশন বোর্ড তৈরির প্রস্তাব আছে, এ-জাতীয় কোনো কর্তৃপক্ষের) সঙ্গে আলোচনা করে নিতে হবে।