দেশের প্রথম প্যাকেজ অনুষ্ঠান নির্মাতা প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন প্রতিবারের মতো এবারো পহেলা বৈশাখ উপলক্ষে নির্মাণ করেছে বৈশাখের বিশেষ পাঁচফোড়ন। পাঁচফোড়ন একটি ভিন্ন ধারার ম্যাগাজিন অনুষ্ঠান। নাটকীয়ভাবে এর প্রতিটি আইটেম উপস্থাপন করা হয়। প্রায় দুই যুগ ধরে বছরের বিশেষ বিশেষ দিনে অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে দেশের প্রথম স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলায়। তারই ধারাবাহিকতায় এবারো পহেলা বৈশাখ উপলক্ষে নির্মাণ করা হয়েছে বৈশাখের বিশেষ এ পাঁচফোড়ন। সঙ্গে ঈদের আমেজও থাকছে এবারের আয়োজনে।
নতুন বছরের প্রথম দিনকে ঘিরে নানা ধরনের আয়োজন ছুঁয়ে যায় সব বাঙালিকেই। বিশেষত বৈশাখী মেলার আয়োজন বাঙালির সর্বস্তরের জনজীবনকে রাঙায় নানাভাবে। আমাদের বৈশাখী মেলায় পাওয়া যায় কারুপণ্য, কৃষিজাত দ্রব্য, লোকশিল্প জাত জিনিস, বাদ্যযন্ত্র, কুটিরশিল্প সামগ্রী, খেলনা, নারীদের সজ্জাসামগ্রী, চিড়া, মুড়ি, খই, বাতাসা, চিনির সাজসহ নানা কিছু। মেলায় যারা এসব সরবরাহ করেন তাদের মধ্য থেকে ক’জনের গল্প নিয়েই গড়ে উঠেছে এবারের পাঁচফোড়নের গল্প। তাদের বিভিন্ন কর্মকাণ্ডের ফাঁকে ফাঁকেই আসতে থাকে গান, নাটক ও বিভিন্ন বিষয়ের ওপর চমৎকার সব রিপোর্টিং।
বাংলা বর্ষবরণ নিয়ে এবারের পাঁচফোড়নে গান রয়েছে তিনটি। একটি গেয়েছেন দেশের প্রখ্যাত সংগীতশিল্পী শফি মন্ডল। ‘নবীনের ডাক এসো’ শিরোনামে আর একটি গান গেয়েছেন শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী রবি চৌধুরী। জনপ্রিয় সংগীতশিল্পী পান্থ কানাই কণ্ঠ দিয়েছেন ‘পঞ্জিকাটা বদলে গেল’ শিরোনামে আর একটি গানে।
অনুষ্ঠানটি এটিএন বাংলায় প্রচারিত হবে ১৪ এপ্রিল (পহেলা বৈশাখ), রোববার রাত ১০টা ৩০ মিনিটে।










