পাকিস্তানি জনপ্রিয় অভিনেত্রী আলিজাহ শাহ শোবিজ ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে এক আবেগঘন বার্তায় তিনি জানান, বিনোদন জগতে তিনি বকেয়া বেতন, হেনস্তা, হয়রানি ও অমানবিক আচরণের শিকার হয়েছেন। এসব অভিজ্ঞতা তাকে গভীরভাবে আঘাত করেছে এবং পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার (পিটিএসডি)-তে আক্রান্ত করেছে। আলিজাহর ভাষায়, মুখ খোলা কোনো প্রচার বা কাজ পাওয়ার জন্য নয়, বরং অন্ধকার থেকে মুক্তির একমাত্র পথ।
তিনি স্পষ্টভাবে লিখেছেন, কোনো প্রজেক্ট, প্রস্তাব বা ভুয়া সহানুভূতি চান না। বরং প্রতিদিন দোয়া করেন যেন কখনো এই অবমাননাকর জগতে না আসতেন, যেখানে দিনের পর দিন তাকে সেটে মূল্যহীন বস্তুর মতো ব্যবহার করা হয়েছে। এই কষ্টে অনেক রাত তিনি দম বন্ধ হয়ে আসা পর্যন্ত কেঁদেছেন, আবার অনেক দিন অতীতের স্মৃতিগুলো এতটাই অসুস্থ করেছে যে বমি করতে করতে পেট খালি হয়ে গেছে।
আলিজাহ বলেন, এই কষ্ট সত্যিকারের, যা তার শরীর ও হৃদয়ে রয়ে গেছে, তাই তিনি শুধু একা থাকতে চান এবং আর কখনো ফিরবেন না। উল্লেখ্য, এর আগে জুলাই মাসেও তিনি শোবিজের অন্ধকার দিক নিয়ে মুখ খুলেছিলেন—যার মধ্যে ছিল হয়রানি, বেতন আটকে রাখা, সেটের বিষাক্ত পরিবেশ ।









