চলচ্চিত্রকার মৃণাল সেনকে নিয়ে সিনেমা নির্মাণ করতে যাচ্ছেন সৃজিত মুখার্জি। সিনেমার নাম ‘পদাতিক’। সিনেমায় মৃণাল সেনের চরিত্রে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। এরই মধ্যে প্রকাশ হয়েছে এর পোস্টার। পোস্টারটি গতকাল নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ ও ইনস্টাগ্রামে শেয়ার করে শুভকামনা জানিয়েছেন অমিতাভ বচ্চন। ক্যাপশনে তিনি লেখেন, ‘সব সময় শুভকামনা’। পোস্টে তিনি সিনেমার নাম, চঞ্চল চৌধুরী ও সৃজিত মুখার্জির নাম হ্যাশট্যােগ রেখেছেন।
গত ডিসেম্বরে এ সিনেমায় চঞ্চল চৌধুরীর উপস্থিতি নিশ্চিত করে ভারতীয় সংবাদমাধ্যমে সৃজিত বলেন, ‘দুজনের মুখের মিল আছে। মৃণাল বাবুর মতোই চঞ্চলের চোখের দৃষ্টি অত্যন্ত ধারালো ও সজাগ। তাছাড়া মৃণাল বাবুর রাজনীতি চেতনা, তার যাপন ও দৃষ্টিভঙ্গির সঙ্গেও চঞ্চলের প্রচুর মিল।’
সৃজিতের এ সিনেমায় মৃণালের স্ত্রী গীতা সেনের চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন কলকাতার অভিনেত্রী মনামী ঘোষ। আগামী ১৪ মে মৃণাল সেনের শততম জন্মবার্ষিকী। এ উপলক্ষে ‘পদাতিক’ নির্মাণ হতে যাচ্ছে।










