আজ থাকছে ‘সানসিল্ক-চ্যানেল আই ১৮তম মিউজিক অ্যাওয়ার্ড’। চ্যানেল আইয়ের পর্দায় বিকাল ৪টা ৫ মিনিটে প্রচার হবে এ আয়োজন। ১৮তম এ আয়োজনে আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী একুশে পদকপ্রাপ্ত ও জাতীয় পুরস্কারপ্রাপ্ত বিশিষ্ট সংগীতজ্ঞ সুজেয় শ্যাম। সম্প্রতি এ আয়োজনে মূল পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত হয়েছে হেয়ার কেয়ার ব্র্যান্ড সানসিল্ক। শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে ১৮তম অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছিল গত ১৮ অক্টোবর ঢাকার বনানীর শেরাটন হোটেলে। ‘আজীবন সম্মাননা’সহ মোট ২৩টি ক্যাটাগরিতে পুরস্কার দেয়া হয়। তিনটি বিশেষ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন মাহবুবা রহমান, শবনম মুশতারী ও ব্যান্ড এফ মাইনর।
সুস্থ সংগীতের উৎকর্ষ সাধন, সুস্থ সংগীত পরিচর্চার পরিবেশ ফিরিয়ে আনতে ২০০৪ সালে শুরু হয়েছিল দক্ষিণ এশিয়ায় সংগীতের সবচেয়ে বড় আসর ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’। সংগীতের সব শাখার শিল্পীরা আবারো একই মঞ্চে এক হয়েছেন সংগীত নিয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে বড় আয়োজন সানসিল্ক-চ্যানেল আই ১৮তম মিউজিক অ্যাওয়ার্ডস ২০২৩-এর মধ্য দিয়ে। বাংলাদেশে সুস্থ সংগীতের বিকাশ ও উৎকর্ষ এবং এ অ্যাওয়ার্ডকে সামগ্রিকভাবে পরিচ্ছন্ন ও নিরপেক্ষ করে তুলতে সমগ্র আয়োজন সম্পন্ন করে চ্যানেল আই। অনুষ্ঠানটির প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন শহিদুল আলম সাচ্চু।










