সংগীতাঙ্গনে নিয়মিত দিলশাদ নাহার কণা। অ্যালবাম, ডুয়েট ও সিঙ্গেলের পাশাপাশি প্লেব্যাকেও তিনি জনপ্রিয়। সম্প্রতি তার প্লেব্যাক করা নতুন একটি গান প্রকাশ হয়েছে। ‘সোনার চর’ সিনেমার ‘আসমানে ঘর বাইনছে তারা’ শ্রোতা দর্শকের মধ্যে বেশ সাড়া ফেলেছে। গানটি লিখেছেন শাহাবুদ্দিন মজুমদার। সুর সংগীত করেছেন আবিদ রনি। এ গানে কণার সহশিল্পী বেলাল খান।
ফোক ঘরানার এ গান নিয়ে কণা বলেন, ‘সোনার চর সিনেমার আসমানে ঘর বাইনছে তারা—গানটি প্রচলিত ঘরানার গান থেকে একটু অন্য রকম। যে কারণে গানটি যখন গেয়েছিলাম তখনই মনে হয়েছিল, এটি প্রকাশ পেলে শ্রোতা দর্শকের ভালো লাগতে পারে। হলোও কিন্তু ঠিক তাই। আমার গানের ক্যারিয়ারে এ গান নতুন এক সংযোজন। কিছু গান থাকে শ্রোতা দর্শকের মনে দীর্ঘদিন বেঁচে থাকে। এ গানও ঠিক তাই। ধন্যবাদ সিনেমাটির পরিচালকসহ এ গানের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে।’
এ গানেই শেষ নয়। কণার তরফ থেকে শ্রোতাদের জন্য থাকছে আরো কিছু উপহার। তিনি জানান, আগামী ঈদে বেশকিছু নাটকেও তার নতুন কিছু গান প্রকাশ পাবে। আসলে গানের ভুবনের একমাত্র কণাই এ মুহূর্তে জিঙ্গেল, ভয়েস ওভার ও ডাবিংয়েও ভীষণ ব্যস্ত সময় পার করছেন।
এসব নিয়ে কণা বলেন, ‘আমার মূল পরিচয় আমি একজন সংগীতশিল্পী। পাশাপাশি জিঙ্গেল করতে, ভয়েস ওভার দিতে, ডাবিং করতে আমার বেশ ভালোই লাগে। তাই গানের অনেকগুলো কাজের ভীষণ চাপ থাকার পরও জিঙ্গেল দেয়া, ভয়েস ওভার দেয়া, ডাবিং করা এসব কাজ করতে আমার ভীষণ ভালো লাগে। তবে মাইক্রোফোনের সামনে যখন গানের জন্য ভয়েস দিতে দাঁড়াই, সে ভালো লাগাটা অন্য রকম। এর সঙ্গে অন্য কিছুর কোনো তুলনাই হয় না।’
কণা জানান, এরই মধ্যে তিনি নতুন আরেকটি সিনেমায় প্লে-ব্যাক করেছেন। পাশাপাশি ঈদের পর পরই স্টেজ শো নিয়েও আলাপ চলছে। উল্লেখ্য, বিশ্ব সুন্দরী সিনেমায় প্লেব্যাক করে কণা প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন।










