শোককে শক্তিতে রূপান্তর করার কথা সব যুগে সব স্থানেই বলা হয়। মার্ভেলেও ব্যতিক্রম নয়। বিশেষত ওয়াকান্ডায়। গল্পে যেমন শোক, তেমনি বাস্তবেও। চ্যাডউইকের বিদায় এখনো মেনে নিতে পারছেন না দর্শক, ভক্ত, এমনকি তার সহকর্মীরাও। গল্প বদলাতে হয়েছে অবশ্যম্ভাবীভাবে। নতুন খলনায়কের দ্বারা নতুন বিপদের মুখে ওয়াকান্ডা। তাই হারিয়ে গিয়েছে তাদের রক্ষাকর্তা। কিন্তু তার জুতোয় কেউ না কেউ তো পা গলাবে। এবার ব্ল্যাক প্যান্থারের স্যুট পরছেন সুরি। ভাইয়ের উত্তরাধিকার ও ওয়াকান্ডা রক্ষার দায়িত্ব তার। মার্ভেল তাদের সিনেমার ট্রেলারে এখনো তা স্পষ্ট করেনি। কিন্তু বোঝা গিয়েছে, আয়রনহার্ট হচ্ছেন ডমিনিক থর্ন। আয়রনম্যানের স্টাইলে তার অবতরণ দর্শককে সন্তুষ্ট করেছে।

সিনেমায় রিরির চরিত্রে অভিনয় করছেন ডমিনিক থর্ন। আয়রনম্যানের মতো তার মুখ স্যুটের মধ্যে দেখা গেল ট্রেলারে। এছাড়া স্যুট মেরামতের একটি দৃশ্যও রয়েছে। ট্রেলারের শুরুতে রানীর হাতে ব্ল্যাক প্যান্থারের মুখোশ দেখা যায়। স্মরণ চলে টিচালার। অন্যদিকে দেখানো হয়েছে, চলমান ষড়যন্ত্র ও আসন্ন সংকটের। ওয়াকান্ডা ফরএভারের ট্রেলারে নামোরের উপস্থিতি স্পষ্ট। সে ওয়াকান্ডার ওপর নিজের প্রভাব খাটাতেই আসছে। এর সঙ্গে বাইরের পৃথিবীর যোগ থাকবে। কিন্তু ট্রেলারে বোঝা যায় না কতটা সংযোগ রাখা হয়েছে।

একটা স্বাভাবিক প্রশ্ন আসে, ব্ল্যাক প্যান্থার কে হবেন? উত্তরাধিকার বাদেও সিনেমার গল্পে ভাইয়ের প্রতি সুরির ভালোবাসা ও ওয়াকান্ডার প্রতি তার দায়িত্ববোধ থেকে মনে হয় স্যুট তার গায়েই উঠতে যাবে। রায়ান কুগলার সে বিষয়টি এখনই স্পষ্ট করতে চান না। দুটো ট্রেলারে এক ঝলকের জন্য ব্ল্যাক প্যান্থারকে দেখানো হয়েছে। তাও স্যুটসহ। সেখানে কে আছেন, তা বোঝা মুশকিল। ফ্যানদের নানা থিয়োরি রয়েছে এ নিয়ে। তবে সম্প্রতি প্রকাশিত ট্রেলারে তাকে নারী বলেই বোঝা যাচ্ছে। তাই বলাই যায়, লেটিটিয়া রাইটই হচ্ছেন ব্ল্যাক প্যান্থার।

ডমিনিক থর্নের এ সংযুক্তিকে অনেকে অ্যাভেঞ্জার্স: সিভিল ওয়ার সিনেমায় পিটার পার্কারের সংযুক্তির সঙ্গে তুলনা করছেন। আয়রনহার্টকে নিয়ে টিভি সিরিজ তৈরি হচ্ছে। সেখানে রিরি চরিত্রে ডমিনিককে দেখা যাবে আগামী বছর। নামোরের চরিত্রে তেনোচ হুয়ের্তা আশা জাগাচ্ছেন একজন চমত্কার খলনায়ককে দেখতে পাবে মার্ভেলের দর্শক। এমন নতুন নতুন চরিত্র নিয়েই পরবর্তী ফেজের জন্য তৈরি হচ্ছে মার্ভেল।