গত বছরটা চমৎকার গিয়েছে বিদ্যা সিনহা মিমের। সিনেমায় পেয়েছেন সাফল্য। এখনো তার হাতে রয়েছে একাধিক সিনেমার কাজ। এর মধ্যে ইংরেজি নতুন বছর উদযাপনের জন্য স্বামী ও মা-বাবাকে সঙ্গে নিয়ে দুবাই গিয়েছিলেন। ৮ জানুয়ারি তিনি দেশে ফেরেন। দেশে ফিরে আবার শুরু হয়েছে ব্যস্ততা। বর্তমানে তিনি কলকাতায় আছেন আরেকটি সিনেমার জন্য। সঞ্জয় সমাদ্দারের পরিচালনায় জিৎয়ের বিপরীতে ‘মানুষ’ নামক সিনেমার কাজ শুরু করেছেন মিম। এ সিনেমার শুটিং চলবে ২৩ জানুয়ারি পর্যন্ত। 

পুরোদমেই চলছে মানুষের শুটিং ও অন্যান্য কাজ। তিনি জানান, আগামী ফেব্রুয়ারিতেও এ সিনেমার শুটিংয়ের জন্য তাকে কলকাতায় যেতে হবে। মিম অভিনয় করছেন মন্দিরা চরিত্রে। তিনি বলেন, ‘এর আগে জিৎ দার সঙ্গে সুলতান সিনেমায় অভিনয় করেছিলাম। বেশ কয়েক বছর বিরতি শেষে আবারো তার সঙ্গে নতুন সিনেমায় কাজ করছি। আমার চরিত্রটি এক কথায় দুর্দান্ত। আমার ভীষণ ভালো লাগছে মানুষ সিনেমায় অভিনয় করে। এখানে পুরো ইউনিট যথেষ্ট সহযোগিতা করছে।’ 

মিমের সঙ্গে কলকাতায় অবস্থান করছেন তার মা। সিনেমা ও ক্যারিয়ারে তার মায়ের অবদান সম্পর্কে মিম বলেন, ‘‌সঙ্গে মা আছেন। যে কারণে কাজটা নিশ্চিন্তে মনোযোগ দিয়ে করতে পারছি। সত্যি বলতে মায়ের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। সেই শুরু থেকে তিনি আমাকে যেভাবে গাইড করে আজকের এ অবস্থানে নিয়ে এসেছেন, সে জন্য তার কাছে চিরকৃতজ্ঞ।’ 

গত বছর মিমের দুটি সিনেমা সফলতা পেয়েছে। ‘পরাণ’ ছাড়াও তুমুল সাড়া ফেলেছে রায়হান রাফি পরিচালিত ‘দামাল’। পরাণ সিনেমায় মিমের বিপরীতে ছিলেন ইয়াশ রোহান ও শরিফুল রাজ। দামালে সহঅভিনেতা ছিলেন সিয়াম আহমেদ ও শরিফুল রাজ। এদিকে মিম ‘ইউনিসেফ’-এর শুভেচ্ছাদূত হয়েও নিয়মিত কাজ করছেন। 

সিনেমায় বিদ্যা সিনহা মিমের ক্যারিয়ার শুরু হয়েছিল হুমায়ূন আহমেদের হাত ধরে। তার পরিচালনায় ‘আমার আছে জল’ সিনেমায় অভিনয় করেন মিম। খালিদ মাহমুদ মিঠু পরিচালিত ‘জোনাকীর আলো’ সিনেমায় অভিনয়ের জন্য তিনি প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হন।