তিন দশক আগেও ১ কোটি রুপি ছিল ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে সবচেয়ে বড় তারকাদের একটি সিনেমার পারিশ্রমিক। তবে বর্তমানে চিত্র পাল্টেছে। এখন তারকারা কেবল জনসম্মুখে আসতেই এ পরিমাণ অর্থ পারিশ্রমিক হিসেবে দাবি করেন। এমনকি তরুণ স্টার কিডরাও এখন কেবল দেশীয় ব্র্যান্ডদের সঙ্গে কাজের মধ্য দিয়েই কোটি রুপি আয় করেন। এমনি একজন তারকা সন্তান হলেন দক্ষিণী ভারতের তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা মহেশ বাবুর কন্যা সিতারা ঘাট্টামানেনি। মাত্র ১১ বছর বয়সেই ব্র্যান্ড কোলাবরেশনের মধ্য দিয়ে আয় করেছেন ১ কোটি রুপি। অবশ্য সে অর্থের পুরোটাই তিনি দান করে দিয়েছেন একটি দাতব্য প্রতিষ্ঠানে।
ভারতীয় তরুণ তারকা সন্তানদের মধ্যে বর্তমানে বেশ দর্শকপ্রিয় একজন তারকা সিতারা। তিনি ভারতীয় একটি জুয়েলারি প্রতিষ্ঠান পিএমজে জুয়েলার্সের ব্র্যান্ড প্রমোটার হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন। মাত্র ১১ বছর বয়সে সিতারার গহনা পরিহিত ছবি পৃথিবীর সবচেয়ে ব্যস্ততম শহর নিউইয়র্কের টাইমস স্কয়ারের বিলবোর্ডে দেখা গেছে। এ জুয়েলার্সের ক্যাম্পেইন বাবদই সিতারা আয় করেছেন ১ কোটি রুপি। তবে সে অর্থের পুরোটাই দাতব্য প্রতিষ্ঠানে দান করে দিয়েছেন। এরপর সিতারাকে দেখা গেছে বাবা মহেশ বাবুর সঙ্গে একটি মিউজিক ভিডিওতে এবং তেলেগু ইন্ডাস্ট্রিতে মুক্তি পাওয়া ডিজনির ‘ফ্রোজেন টু’তে এলসার কণ্ঠ দিতে।
সিতারা তার পরিবারের তৃতীয় জেনারেশন স্টার। বাবা অভিনেতা মহেশ বাবু ছাড়াও পরিবারে দাদা কৃষ্ণণও একজন দক্ষিণী সুপারস্টার ছিলেন। বর্তমানে সিতারার বয়স ১২ বছর। তবে ধারণা করা যায়, সিতারাও পরিবারের বাকি সদস্যদের মতোই সিনেমা অঙ্গনে নিজেকে তুলে ধরবেন।
সূত্র: হিন্দুস্তান টাইমস










