১৬ বছর আগে গাওয়া নিজের একটি গান নতুন করে গাইলেন সংগীতশিল্পী দিলশাদ নাহার কণা। গানের শিরোনাম ‘আকাশে সবাই চায় উড়তে’। মাসুদ সেজানের লেখা গানটির সুর করেছিলেন পলাশ নূর। নতুন করে গানটি সংগীতায়োজন করেছেন আমজাদ হোসেন। আগামীকাল নিজের ইউটিউব চ্যানেল ‘কণা’তে গানটি প্রকাশ পাবে বলে জানিয়েছেন কণা। এ নিয়ে তিনি বলেন, ‘আকাশে সবাই চায় উড়তে গানটি মূলত আজ থেকে প্রায় ১৬ বছর আগে এইম ইন লাইফ ধারাবাহিক নাটকে গেয়েছিলাম। যেহেতু পুরনো, তাই মাঝে মাঝে ইউটিউবে শোনা হয়। দেখলাম, শ্রোতারা বেশ ভালো ভালো কমেন্ট করেছে এ গানকে ঘিরে। কিছুদিন আগে অ্যাকুস্টিক ভার্সনে গানটি আবার গাইলাম, বেশ ভালো হলো। এর মিউজিক ভিডিও করেছেন সৈকত রেজা। সব মিলিয়ে মনে হচ্ছে এখন গানটি আরো ভালো হয়েছে। আমার নিজের কাছেও ভালো লাগছে। আগামীকাল এটি আমার নিজের ইউটিউব চ্যানেলে প্রকাশ করব। আশা করছি নতুন ভার্সনটি ভালো লাগবে সবার।’ 

গতকাল কণা কক্সবাজারে একটি শো’য়ে সংগীত পরিবেশন করেছেন। সব ঠিক থাকলে আজ ঢাকার র‍Åাডিসন ব্লুতে সংগীত পরিবেশন করার কথা রয়েছে তার। 

দিলশাদ নাহার কণা ২০২০ সালে প্রথমবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। চয়নিকা চৌধুরী পরিচালিত ‘বিশ্ব সুন্দরী’ সিনেমায় ‘তুই কি আমার হবিরে’ গানটির জন্য  এ পুরস্কার পান তিনি। কবির বকুলের লেখায় গানটির সুর-সংগীত করেছিলেন ইমরান মাহমুদুল। এ গানে তার সহশিল্পীও ছিলেন ইমরান মাহমুদুল।